ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় কমছে সবজির দাম

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪২, ১৭ আগস্ট ২০২৪
নওগাঁয় কমছে সবজির দাম
দোকানে থরে থরে সাজানো সবজি

নওগাঁয় কমতে শুরু করেছে বিভিন্ন সবজির দাম। এতে স্বস্তি ফিরেছে মানুষের মাঝে। কিছুদিন আগেও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে যেতে বসেছিল কাঁচা বাজার। কিন্তু এখন শিক্ষার্থীদের নিয়মিত বাজার মনিটরিংয়ে কমছে বিভিন্ন সবজির দাম।

সরেজমিনে শহরের পৌর বাজারে গিয়ে দেখা যায়, বিভিন্ন কাঁচা সবজির দাম কমেছে প্রকারভেদে ১০-২০ টাকা। এতে স্বস্তিতে বাজার করছেন ক্রেতারা। কয়েকদিন আগেও যে পেঁয়াজ বিক্রি হতো ১৪০ কেজি তা এখন ১২০ টাকা কেজি। র্পূবে পটল ছিল ৪০-৪৫ টাকা যা বর্তমানে কমে বিক্রি হচ্ছে ২৮-৩০ টাকা। বরবটি আগে ছিল ৮০ টাকা বর্তমানে ৬০ টাকা। করলা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ টাকা যা পূর্বে বিক্রি হতো ৮০ টাকায়। এভাবে পর্যায়ক্রমে কমতে শুরু করেছে সবজির দাম। তবে এক সপ্তাহ আগে কাঁচা মরিচের দাম ছিল প্রতি কেজি ১২০ টাকা কিন্তু সেটি বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ৩২০ টাকা। 

ক্রেতা ফয়সাল বলেন, কিছুদিন আগেও বিভিন্ন জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া ছিল। তখন কেনাকাটা করতে সমস্যা হত। যেখানে লাগবে ১ কেজি সেখানে ২৫০ গ্রাম নিয়ে বাড়ি ফিরতে হয়েছে। আশা করি দাম আরো কমবে, দাম কমলে সুবিধা হবে আমাদের মতো সাধারণ মানুষের। 

Advertisement

ক্রেতা আফজাল বলেন, নিয়মিত বাজারে যদি তদারকি থাকে তাহলে অবশ্যই দাম কমবে। কারণ কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা সুযোগ পেলেই বাজার অস্থির করেন।

ব্যবসায়ী সাব্বির বলেন, আগের চেয়ে অনেকটা কমেছে সবজির দাম। আমদানি হলে আরো কমে যাবে। কিছুদিন আগে কিছু কিছু জিনিসের দাম বেশি ছিল যা এখন কম। আমরা কম দামে সবজি পেলে অবশ্যই কম দামেই বিক্রি করব। 

ক্ষুদ্র ব্যবসায়ী সামছুল আলম বলেন, এক সপ্তাহ আগে কাঁচা মরিচের দাম ছিল ১২০ টাকায়, এই ৩-৪ দিনে দাম বেড়ে গেছে। দাম বাড়ার কারণ হলো এক লাগাতার বৃষ্টি হয়েছে এজন্য মরিচের গাছ অনেকটা নষ্ট হয়েছে। ফলে  উৎপাদন কম হয়েছে, এজন্য দামটা বেশি। কিছুদিনের মধ্যে দাম স্বাভাবিক হবে। এছাড়া সব সবজির দাম হাতের নাগালে আছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: নওগাঁ সবজি
লিংক সফলভাবে কপি হয়েছে!