ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৫, ২২ আগস্ট ২০২৪
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
দহগ্রামের হাড়িপাড়া সীমান্তে বিজিবির টহল

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের হাড়িপাড়া সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 

বুধবার (২০ আগস্ট) দুপুরে বিএসএফ বেড়া নির্মাণের চেষ্টা করলে বাধা দেয় গ্রামবাসী ও বিজিবি। এ ঘটনার পর উভয় বাহিনী সীমান্তে শক্তি বৃদ্ধি করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ওয়াহিদ। তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। 

Advertisement

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে নিজেদের ভূ-খন্ডের বাইরে এসে হাড়িপাড়া সীমান্তের ৮ নম্বর আন্তর্জাতিক পিলারের ২৩ থেকে ২৬ নম্বর সাব-পিলার অংশে জিরো লাইন (নো ম্যানস ল্যান্ড) বরাবর আকস্মিকভাবে কাঁটাতারের বেড়া নির্মাণকাজ শুরু করে বিএসএফ। বিষয়টি নজরে এলে বিজিবি বাধা দেয়। এ সময় স্থানীয় কিছু মানুষ ওই সীমান্তে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করে। এই অবস্থায় সেখানে অতিরিক্ত বিজিবি মোতায়েন করে সতর্ক নজরদারি করা হচ্ছে। অপরদিকে ওপারেও অতিরিক্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে সীমান্তের জিরো লাইন বরাবর ভারতীয় শ্রমিকরা গর্ত করে লোহার পিলার বসিয়ে কাঁটাতারের বেড়া তৈরি শুরু করেন। এর কিছুটা দূরে বিএসএফ সদস্যরা বাংলাদেশের দিকে অস্ত্র তাক করে টহল শুরু করেন। এ সময় সেখানে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বিএসএফ সদস্যকে দেখা যায়। গ্রামবাসী ও বিজিবি সদস্যরা বাধা দিলে কাজ বন্ধ রেখে ভারতীয়রা পিছু হটে। 

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন জানান, তীব্র প্রতিবাদ জানিয়ে বিজিবি বাধা দেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টায় ওই সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকেও নির্মাণকাজ বন্ধ রাখার কথা বলা হয়েছে। দহগ্রাম ইউনিয়নবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষায় বিজিবি তৎপর আছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!