ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোরেলগঞ্জে কৃষকের ঘেরের মাছ লুট ও গাছ কর্তনের অভিযোগ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০২, ২৪ আগস্ট ২০২৪
মোরেলগঞ্জে কৃষকের ঘেরের মাছ লুট ও গাছ কর্তনের অভিযোগ
ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধে এক কৃষক পরিবারের মৎস্য ঘেরে হামলা চালিয়ে ৪ শতাধিক ফলন্ত গাছ কর্তন করে মাছ লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষক জামাল হাওলাদার বাদী হয়ে শনিবার (২৪ আগস্ট) সিদ্দিক মল্লিকসহ ৭ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের ছোটপরী গ্রামের মৃত আ. গফুর হাওলাদারের ছেলে কৃষক জামাল হাওলাদারের মৎস্য ঘেরে ঘটনার দিন বৃহস্পতিবার বিকেলে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ একই গ্রামের মৃত হাতেম মল্লিকের ছেলে সিদ্দিক মল্লিকের নেতৃত্বে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল হামলা চালিয়ে আম, কলা, সিরিশ ও ফলন্ত সুপারি গাছসহ ৪ শতাধিক গাছ ও বেড়িতে থাকা বিভিন্ন প্রজাতির সবজি ফসলের গাছ কেটে ফেলে দেয়।

Advertisement

এ সময় হামলাকারীরা ঘেরের বেড়ি কেটে, ঘের ভাঙচুর ও গো-খাদ্যের একটি খড়ের গাদাও ভেঙে পানিতে ফেলে দেয়। পরে ওই ঘের থেকে তারা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যায়।

ক্ষতিগ্রস্থ কৃষক জামাল হাওলাদার বলেন, দীর্ঘ ২৫-৩০ বছর ধরে পৈতৃক ৪২ শতক জমি নিয়ে সিদ্দিক মল্লিকদের সঙ্গে বিরোধ থাকায় পরিকল্পিতভাবে লোকজন নিয়ে এসে আমার মৎস্য ঘেরে এ হামলা চালিয়েছে। ঘেরের জমিতে থাকা বিভিন্ন গাছপালা কেটে ও মাছ ধরে নিয়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি সাধন করেছে। এ নিয়ে সিদ্দিক মল্লিকদের বিরুদ্ধে ইতিপূর্বে আদালতে মামলাও চলমান রয়েছে। ঘেরে হামলায় আমি থানায় একটি অভিযোগ দিয়েছি। প্রশাসনের কাছে এ ঘটনার ন্যায় বিচার চাই।

এ বিষয়ে সিদ্দিক মল্লিক তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে জানান, তিনি কারো জমির গাছ কর্তন করেননি। তার জমির গাছ সে কর্তন করেছে। তার দলিলকৃত জমি ইতিপূর্বে জামাল হাওলাদার দখল করে রেখেছিল।

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ছোটপরী গ্রামে জমি নিয়ে বিরোধে গাছ কেটে ফেলার একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!