ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় হত্যা মামলার ২ আসামি গ্রেফতার 

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি  
প্রকাশিত: ১৫:১৮, ৩০ আগস্ট ২০২৪
নেত্রকোণায় হত্যা মামলার ২ আসামি গ্রেফতার 
ফাইল ফটো

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামে দু’পক্ষের বিরোধের জেরে খুন হওয়া ইনছান মিয়া (৬০) হত্যা মামলার ২ ও ৩নং আসামি পিজাহাতি গ্রামের শামছ উদ্দিনের ছেলে এসএম আতিক (৪০) ও একই গ্রামের মৃত উসমান গনির  ছেলে হারুন মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, পিজাহাতি গ্রামের নির্মাণাধীন পাকা রাস্তায় বেশ কয়েকটি কালভার্ট নির্মাণকে কেন্দ্র করে পিজাহাতি গ্রামের বাসিন্দা ঠিকাদার রেজাউল করিম ভূঁইয়া সুমনের সঙ্গে সম্প্রতি একই গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার বিরোধ দেখা দেয়। এ নিয়ে বেশ কিছুদিন যাবত উভয়পক্ষের লোকজনের মধ্যে দফায় দফায় উত্তেজনা চলছিল। এরই জেরে গত ৩০ জুলাই বিকেল ৩টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে বৃদ্ধ ইনছান মিয়া ঘটনাস্থলে নিহত হন এবং উভয়পক্ষের নারীসহ অন্তত অর্ধশত লোকজন আহত হন।

এ ঘটনায় নিহত ইনছান মিয়ার ছেলে আলমগীর হোসেন বাদী হয়ে ২ আগস্ট ২৫ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামি করে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। যার প্রেক্ষিতে আসামি দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

Advertisement

কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, পিজাহাতি গ্রামের ইনছান মিয়া হত্যা মামলার ২নং আসামি এসএম আতিক ও ৩নং আসামি হারুন মিয়াকে র‍্যাব গ্রেফতার করে আজ শুক্রবার সকালে কেন্দুয়া থানায় হস্তান্তর করেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। 
 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!