ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৬, ৩০ আগস্ট ২০২৪
গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের হরিরামপুরে স্মৃতি সরকার (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে, পরিবারের অভিযোগ তার স্বামী সঞ্জিত তাকে হত্যা করেছেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামে দর্জিপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত স্মৃতি সরকার যাত্রাপুর গ্রামের সঞ্জিত সাহার স্ত্রী। তাদের রঞ্জিত সাহা (২) নামের দুই বছরের এক ছেলে রয়েছে। সঞ্জিত ব্যাটারিচালিত রিকশা চালাতেন।

Advertisement

স্মৃতির মামাতো ভাই লোকেশ সরকার জানান, তার ফুপাতো বোন স্মৃতিকে তার বোনের স্বামী সঞ্জিত হত্যা করেছে। তার শরীরে মারধরের আঘাতের চিহ্ন রয়েছে।

স্মৃতির মা রানী দাস বলেন, ‘আমার মেয়েকে মাঝে মাঝে মারধর করতো সঞ্জিত। আজও আমার মেয়েকে সঞ্জিত মাইরা ফালাইছে।’

স্থানীয়রা জানান, প্রায়ই তাদের মধ্যে ঝগড়া লাগতো। দুই বউয়ের (সঞ্জিতের ভাইয়ের বউ) সঙ্গে তাদের বাচ্চাদের নিয়ে ঝগড়া হতো। ঝগড়া করে কয়েক মাস আগেও বাপের বাড়িতে গিয়েছিলেন স্মৃতি। পরে আবার স্বামীর বাড়িতে আসেন তিনি।

গৃহবধূর স্বামী সঞ্জিত সাহা বলেন, ‘আমি বিকেলে ৪টার দিকে রিকশা নিয়ে বের হয়েছি। খবর পেয়ে সন্ধ্যার আগেই বাড়ি এসে দেখি আমার স্ত্রী আর নেই।’

হরিরামপুর থানা ওসি (তদন্ত) মজিবুর রহমান বলেন, খবর পেয়ে রাত ৯টার দিকে  গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। নাকের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। সঞ্জিত সাহাসহ তার মাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!