ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

বগুড়া ব্যুরো
প্রকাশিত: ১৩:১১, ৩১ আগস্ট ২০২৪
বগুড়ায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১
ফাইল ফটো

বগুড়ায় চাঁদাবাজি করতে গিয়ে আলোচিত আতাবাহিনীর এক সদস্য গণপিটুনিতে নিহত হয়েছেন। শুক্রবার রাতে কাহালু উপজেলার শিবা কলমা হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম রাকিব হোসেন (৩৫) । তিনি পরিশেষ পূর্বপাড়া এলাকার মৃত সামসুল হকের ছেলে।

নিহত রাকিব হোসেন একাধিক মামলার আলোচিত আতাবাহিনীর সদস্য ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার ওসি শাহিনুজ্জামান।

Advertisement

পুলিশের এই কর্মকর্তা জানান, শিবা কলমা হিন্দুপাড়া এলাকার ফনিন্দ্রনাথের মেয়ের সঙ্গে বিপুলের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বিপুলের সঙ্গে বিয়ে না দিয়ে ফনিন্দ্রনাথ মেয়েকে অন্যত্র বিয়ে দেন। এরমধ্যে ওই মেয়ে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসে। খবর পেয়ে সন্ত্রাসী আতাসহ ৭-৮ জনকে সঙ্গে নিয়ে বিপুল ফনিন্দ্রনাথের বাড়িতে যায়। সেখানে তারা ফনিন্দ্রনাথের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে ফনিন্দ্র দুই হাজার টাকা দিতে রাজি হয়।

এটা শুনে আতাবাহিনীর লোকজন ধারালো অস্ত্র দিয়ে আশেপাশের বাড়িতে আঘাত করতে থাকে। এ সময় শাখা নামে একজন প্রতিবাদ করলে তাকে আতাবাহিনীর সবাই মিলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এলাকাবাসী একত্রিত হয়ে আতাবাহিনীর সবাইকে প্রতিহত করে। পরে সবাই পালিয়ে গেলেও রাকিবকে এলাকাবাসী ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কাহালু থানার ওসি শাহীনুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!