কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ৪ দিন ধরে বাস চলাচল বন্ধ
বাস ও সিএনজি চালকের মধ্যে চরম দ্বন্দ্বের জেরে কুষ্টিয়া মেহেরপুর ও প্রাগপুর-মহিষকুন্ডি রুটে বাস চলাচল চারদিন ধরে বন্ধ রয়েছে। এসব রুটে বন্ধ রয়েছে সিএনজি চলাচলও। এদিকে, পরিবহন শ্রমিকদের মারধর ও বাস ভাঙচুরের প্রতিবাদে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন পরিবহন শ্রমিকরা।
শুক্রবার সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করার কথা থাকলেও পরিবহন শ্রমিকদের এখনো মাঠে দেখা যায়নি। জেলার পরিবহন মালিক সংগঠনগুলোও এ কর্মবিরতিতে সমর্থন জানিয়েছে।
তবে, অভ্যন্তরীণ রুটে বাস বন্ধ থাকলেও শুধু শুক্রবার ঢাকাগামী বাস চলাচল করবে। কারণ ঢাকাগামী বাসগুলো টিকিট বিক্রি করেছে, তাই সেগুলো শুধু একদিন শুক্রবার চলাচল করবে।
.png)
এর আগে, চলমান দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার আমলাতে সিএনজি অটোরিকশার চালকরা দুটি বাসের গ্লাস ভাঙচুর করেন। এর প্রতিবাদে সন্ধ্যায় মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।
কুষ্টিয়া জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক বলেন, গত মঙ্গলবার কুষ্টিয়ার ভেড়ামারায় হিসনা পরিবহন বাসের গ্লাস ভাঙচুরসহ চারজন শ্রমিককে মারধর করেন স্থানীয় সিএনজি অটোরিকশার চালকরা। এ ঘটনাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ রুটের বিভিন্ন জায়গায় মারধর ও বাসের গ্লাস ভাঙচুরের ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মধ্যস্থতায় বিষয়টি সমাধান হয়। কিন্তু বিকেলে আমলাতে আবারো দুটি বাসের গ্লাস ভাঙচুর ও শ্রমিকদের মারধর করেন সিএনজি অটোরিকশার চালকরা। এর প্রতিবাদে সন্ধ্যায় মালিক শ্রমিক যৌথভাবে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয়।