সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ ১২
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণ ও আগুনে অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কাশেম জুট মিল এলাকার এসএন কর্পোরেশন নামে একটি শিপ ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
.png)
ফায়ার সার্ভিস জানিয়েছে, বেলা সাড়ে ১২টার দিকে জাহাজ কাটার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত গুরুতর আহত অবস্থায় ১২ জনকে হাসপাতালে আনা হয়েছে। তারা ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি আছেন। হাসপাতালে নিয়ে আসা অনেকে ৮০ থেকে ৯০ শতাংশ দগ্ধ।
কুমিরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মামুন বলেন, আগুন নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। তবে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুনের তীব্রতায় ভেতরে প্রবেশ করা যাচ্ছে না।