ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রাম-কক্সবাজার রুটে যান চলাচল বন্ধ, জানা গেল কারণ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৬, ৮ সেপ্টেম্বর ২০২৪
চট্টগ্রাম-কক্সবাজার রুটে যান চলাচল বন্ধ, জানা গেল কারণ
ছবি: সংগৃহীত

হঠাৎ চট্টগ্রাম-কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। পরিবহন শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ করে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন পরিবহন শ্রমিকরা।

রোববার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে গাড়ি বন্ধ রেখে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা।

শ্রমিকদের দাবি, অতিরিক্ত চাঁদাবাজির প্রতিবাদ করায় পরিবহন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুসা অবৈধ শ্রমিক লেলিয়ে প্রকৃত শ্রমিকদের ওপর হামলা করেছে। তাদের এক সিনিয়র চালক ভাইকে মেরেছে। সেই ঘটনার প্রতিবাদে মাঠে নেমেছেন শ্রমিকরা।

Advertisement

আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের এক সমন্বয়ক বলেন, সেক্রেটারি মুসা নির্বাচন ছাড়াই গত ১৭ বছর আমাদের রক্ত চুষে খেয়েছে। এখন সে অবৈধভাবে চাঁদাবাজি করতে চাচ্ছে। আমরা আর সেটা হতে দেব না। তাদের নির্যাতনে গত ১৭ বছরে এ পর্যন্ত ৮ হাজার শ্রমিক এ পেশা ছেড়ে চলে গেছে। আমরা এ স্বৈরাচার আর চাই না।

অন্যদিকে, সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। অফিসগামী মানুষরা পড়েছেন বেশি ভোগান্তিতে। হঠাৎ করে গাড়ি চলাচল বন্ধের ঘোষণায় কর্মব্যস্ততায় স্থবিরতা দেখা দিয়েছে।

যাত্রীরা জানান, সকাল থেকেই রোদে পুড়ে গাড়ির জন্য অপেক্ষা করছি। কোনো গাড়ি চলাচল করছে না। কেউ কেউ ছোট গাড়ি চালালে সেসব গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে দিচ্ছেন বিক্ষোভকারীরা।

সাব্বির হোসেন নামে এক যাত্রী বলেন, পরিবার নিয়ে নতুন ব্রিজ স্টেশনে এসেছি চকরিয়া যাব বলে। কিন্তু এখন দেখি কোনো বাস চলছে না। সকাল ৯টা থেকে বাসের অপেক্ষায় থেকে তীব্র রোদে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!