চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় আট সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খানকে আহ্বায়ক করে এ কমিটি করা হয়।
বিস্ফোরণে হতাহতের কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতি নির্ধারণ এবং এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধকল্পে সুপারিশমালা প্রণয়ন করবে কমিটি।
.png)
কমিটির সদস্যরা হলেন- পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশের চট্টগ্রাম প্রতিনিধি, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম রফিকুল ইসলাম, পরিবেশ অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ মোজাহিদুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মালেক, সীতাকুণ্ড থানার ওসি মোহাম্মদ কামাল উদ্দিন, সহকারী বিস্ফোরক পরিদর্শক এসএম সাখাওয়াত হোসাইন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের সহকারী পরিদর্শক শুভংকর দত্ত।
শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাশেম জুট মিল এলাকার এস এন কর্পোরেশন ইয়ার্ডে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ইয়ার্ডে কর্মরত ১২ জন দগ্ধ হন। তাৎক্ষণিক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হলেও এরমধ্যে ১০ জনের শরীরের বেশকিছু অংশ পুড়ে যায়। তাদের শারীরিক পরিস্থিতির অবনতি হলে মালিকপক্ষের ব্যবস্থাপনায় ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে শনিবার রাতে একজন মারা যান।