[ দেশজুড়ে ]
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণে নিহত বেড়ে ৩
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো একজন মারা গেছেন। নিহতের নাম আলামিন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ নিয়ে ইয়ার্ডটিতে বিস্ফোরণে দগ্ধ তিনজনের মৃত্যু হলো। নিহত আলামিন সাতক্ষীরার বাসিন্দা। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসবিএর সচিব নাজমুল হোসেন।
শনিবার বেলা ১২টার দিকে সীতাকুণ্ডের কাশেম জুট মিল এলাকার এস এন কর্পোরেশন নামে ইয়ার্ডটিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গুরুতর দগ্ধ ও আহত হন ১২ জন। চিকিৎসার জন্য প্রথমে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আটজনকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।
এর আগে মারা যাওয়া দুজন হলেন আহমদুল্লাহ ও খায়রুল শেখ। চিকিৎসাধীন রয়েছেন জাহাঙ্গীর আলম, আবুল কাশেম, বরকতুল্লাহ, আনোয়ার হোসেন ও হাবিব।
তাদের শরীরের ২৫ থেকে ৮০ শতাংশ দগ্ধের পাশাপাশি সবারই শ্বাসনালী পুড়ে গেছে বলে জানান ঢাকার বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!