নিহত শামিম ঘাটাইল পৌরসভার ১নং ওয়ার্ডের ভানিকাত্রা গ্রামের ভ্যানচালক আব্দুল করিমের ছেলে। সে কিছুদিন স্থানীয় ঝরকা বাজারে একটি মুরগির দোকানের কর্মচারী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে উপজেলার ২নং ঘাটাইল সদর ইউনিয়নের কাইতকাই গ্রামের আক্তারের বাড়ির আঙিনায় ধানক্ষেত সংলগ্ন মরদেহটি দেখতে পান স্থানীয়রা। এ সময় ছেলেটির মাথায় ও শরীরে আঘাতের চিহ্নসহ রক্তাক্ত অবস্থায় পড়েছিল মরদেহটি। মরদেহের পাশে একটি রক্তমাখা ইট দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
.png)
নিহতের মা শেফালি বেগম বলেন, বৃহস্পতিবার রাতে আমার ছেলে মোবাইল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. বিসা মিয়া জানান, শামিম এলাকায় মাঝেমধ্যে বিভিন্নজনের গাছের নারিকেল ও ফল চুরি করত। এর আগে কয়েকবার চুরি করে ধরাও পড়েছে। এ সংক্রান্ত ঘটনা ঘটতে পারে।
স্থানীয় ২নং ঘাটাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান হিরা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আক্তারের বাড়িতে কেউ থাকে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ শামিমকে সেখানে নিয়ে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে চলে গেছে।
ঘাটাইল থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।