শাহ সুফি ফসিহ উদ্দিন (র.) মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ
গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকায় দুপুরে শাহ সুফি ফসিহ উদ্দিন (র.) মাজারে ভাঙচুর-লুটপাটের পর তাতে অগ্নিসংযোগ করার খবর পাওয়া গেছে।
শুক্রবার জুমার নামাজের পর একদল লোক এসে এ ঘটনা ঘটান। তারা মাজারের সীমানা প্রাচীর, পাকাভবনসহ বিভিন্ন স্থাপনা ভেঙে দিয়েছেন।
ফসিহ উদ্দিন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার এক শিক্ষক বলেন, জুমার নামাজের পর পর কয়েকশ লোক ভাড়া করা একটি বুলডোজার নিয়ে এখানে আসেন। তাদের হাতে লাঠিসোঁটা, শাবল ও রড ছিল। তারা আল্লাহু-আকবর ধ্বনি দিয়ে মাজারে হামলা চালান।
.png)
তিনি আরো বলেন, তারা মাজারের পাকা সীমানা প্রাচীর, খাদেমের ঘর, মোমবাতি-আগরবাতি রাখার ঘর ও মাজারের পাকা মূলভবন গুঁড়িয়ে দিয়েছে। পরে সেখানে তারা অগ্নিসংযোগ করে লুটপাট চালান।
ওই শিক্ষক বলেন, আশির দশকের দিকে পোড়াবাড়ি বাজারের অদূরে (দক্ষিণে) ওই মাজার গড়ে ওঠে। মাজার চত্বরে একটি হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা ছাড়াও সেখানে ফসিহ উদ্দিন দাখিল মাদরাসা ও মসজিদ রয়েছে। এ মাজার তথা ফসিহ উদ্দিনের ভক্তদের দানের টাকায় চলে এসব মসজিদ-মাদরাসার খরচ।
মাজারে হামলাকারীদের একজন বলেন, ‘মাজার শিরক। এখানে বেদাতি, মাদক সেবনসহ নানা অনৈসলামিক কাজ হয়। তাই এলাকার মানুষজন পরামর্শ করেই মাজার গুঁড়িয়ে দিয়েছেন।’
গাজীপুর মহানগর পুলিশের (সদর জোন) সহকারী কমিশনার মো. মাকসুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ছাড়া সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।