ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে কিশোর নিহত
বগুড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রিয়াদ নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার কৈচর মাদরাসা মাঠে এ ঘটনা ঘটে।
নিহত মো. রিয়াদ হোসেন (১৬) ঐ এলাকার মৃত তারা প্রামাণিকের ছেলে এবং সে শহরের একটি ছাপাখানায় কাজ করতো। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে কৈচর মাদরাসা মাঠে রক্তাক্ত অবস্থায় পড়েছিল রিয়াদ। সেখান থেকে কয়েকজন তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রিয়াদের শরীরের উরুর ওপরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
.png)
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, বিকেলে কৈচর মাদরাসা মাঠে দু’গ্রুপের ফুটবল খেলা চলছিল। খেলার এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়৷ সেই সময় রিয়াদকে ছুরিকাঘাত করা হয়৷ পরে রাত ৯টার দিকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল শজিমেক হাসপাতালে রিয়াদের মৃত্যু হয়৷
তিনি আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে৷ এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।