ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৮, ২১ সেপ্টেম্বর ২০২৪
রাজবাড়ীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
ছবি: প্রতীকি

রাজবাড়ীর কালুখালীতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় লোকজন। শনিবার দুপুরে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

নিহত যুবকের নাম নাজমুল হোসেন মোল্লা (৩২)। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার গাড়াখোলা গ্রামের আহম্মেদ মোল্লার ছেলে।

পুলিশ জানিয়েছে, নিহত নাজমুল পেশাদার চোর। তার বিরুদ্ধে ১১টি চুরির মামলা রয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার ভোরের দিকে হরিণবাড়িয়া গ্রামের রাস্তা দিয়ে তিনজন লোক যাচ্ছিলেন। তাদের মধ্যে একজনের মাথায় বিদ্যুতের ট্রান্সমিটার ছিল। এলাকাবাসী তিনজনকে ধাওয়া দেয়। এ সময় দুইজন পালিয়ে গেলেও নাজমুল এলাকাবাসীর কাছে ধরা পড়েন। পরে চোর সন্দেহে তাকে আটক করে পিটুনি দেয় এলাকাবাসী। পিটুনিতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে সকাল সাড়ে ৮টার দিকে তাকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন জানান, সকাল পৌনে ৯টার দিকে হাসপাতালের সিঁড়িতে কে বা কারা আহতাবস্থায় এক যুবককে ফেলে রেখে যায়। তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নিজের নাম ঠিকানা শুধু বলতে পেরেছিলেন। দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কালুখালী থানার ওসি মোহাম্মদ জাহেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়ভাবে জানা গেছে নাজমুলসহ তিন ব্যক্তি পল্লী বিদ্যুতের ট্রান্সমিটার চুরি করে ফিরছিলেন। ওই সময় এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে। দুই ব্যক্তি পালিয়ে গেলেও ধরা পড়েন নাজমুল। উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।

তিনি আরো জানান, শনিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ব্যাপারে কালুখালী থানায় মামলা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 
 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: রাজবাড়ী
লিংক সফলভাবে কপি হয়েছে!