সোমবার ( ২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এ ছাড়া কালিয়াকৈর উপজেলার পৃথক এলাকায় তিনটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আটককৃতরা হলেন- খোকন মিয়া, সোহাগ মিয়া, নাজমুল মিয়া, উজ্জ্বল হোসেন, শাকিল আহাম্মেদ ও মোবারক হোসেন।
.png)
শিল্প পুলিশ ও স্থানীয় প্রশাসনের সূত্রে জানা যায়, কারখানার শ্রমিকেরা মজুরি ন্যূনতম ১২ হাজার ৫০০ টাকা, হাজিরা বোনাস ৮০০ টাকা, এবং সাধারণ ও বার্ষিক ছুটির দাবি জানিয়ে আসছেন। তবে কোনো সমাধান না হওয়ায় গতকাল রোববার থেকেই শ্রমিকেরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। আজ সকালে বিক্ষোভকারীরা মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যান। কারখানা কর্তৃপক্ষ গতকালই অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা কর। তবুও সকালে শ্রমিকরা অবস্থান নেন এবং পুনরায় বিক্ষোভ করেন। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ করে ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছয়জনকে আটক করে।
শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান বেতনে (৮ হাজার টাকা) তাদের জীবনযাপন করতে অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।
শ্রমিক আব্বাস উদ্দিন বলেন, এই বেতনে ঘরভাড়া ও খাবারের খরচ চালানো সম্ভব নয়। আমরা দীর্ঘদিন ধরেই বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছি, কিন্তু মালিকপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
গাজীপুর শিল্প পুলিশের (জোন-২) পরিদর্শক নিতাই চন্দ্র সরকার জানান, কারখানা বন্ধ ঘোষণার পরও কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক কারখানার ভেতরে জোরপূর্বক প্রবেশ করায় ছয়জনকে আটক করেছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।