ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে ইউপি সদস্যের হাত পা ভেঙে দিলো সন্ত্রাসীরা 

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০০:৫৭, ২৫ সেপ্টেম্বর ২০২৪
মাদারীপুরে ইউপি সদস্যের হাত পা ভেঙে দিলো সন্ত্রাসীরা 
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চরকালিকাপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বার শাহ আলম সরদারকে পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। 

অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ার কারণে তাকে হাতুরি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে বলে তিনি অভিযোগ করেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে। এ ঘটনায় গুরুতর আহত শাহ আলম সরদারকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। 

এদিকে এই ঘটনার পর পরই স্থানীয়রা অভিযুক্ত হাকিম বেপারীর বিচার দাবি করে মাদারীপুর সদর হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেছেন। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে,দীর্ঘদিন থেকে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় হাকিম বেপারীর নেতৃত্বে একটি সিন্ডিকেট অবৈধভাবে বালু তুলে আসছিল। এতে করে বাড়িঘর ও রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। অবৈধ বালু তোলার প্রতিবাদে ইউপি মেম্বার শাহ আলম সরদার বিভিন্ন সময় প্রতিবাদ করেছেন। অবৈধ বালু তোলা বন্ধের দাবিতে মানববন্দন কর্মসূচিও পালন করেছে। এতে ক্ষুব্ধ হয়ে হাকিম বেপারী ডেকে নিয়ে শাহ আলম সরদারকে হাতুরি পেটা করে হাত পা ভেঙে দিয়েছেন। 

স্থানীয় বাসিন্দা সাগর দেওয়ান বলেন, আমাদের এলাকার আড়িয়াল খাঁ নদীতে দীর্ঘদিন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে আমাদের বাড়িঘর নদী গর্ভে চলে যাচ্ছে। এর প্রতিবাদ করায় আমাদের মেম্বারকে পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে সন্ত্রাসী হাকিম বেপারী। আমরা তার বিচার চাই। 
অভিযুক্ত হাকিম বেপারী ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে। ফোনে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। 

মাদারীপুর সদর থানার ওসি এএইচএম সালাহ উদ্দিন বলেন, হাকিম বেপারীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মেম্বারকে মারধরের ঘটনায় অভিযোগ আসলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!