কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলা, ইউপি চেয়ারম্যান গ্রেফতার
কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রসহ ছাত্র-জনতার ওপর হামলার মামলায় কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েলকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার রশিদাবাদ এলাকা থেকে র্যাব-১৪ সিপিসি-২ এর একটি অভিযানিক দল তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জহিরুল ইসলাম জুয়েল সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে।
.png)
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মো: আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট আসামী জহিরুল ইসলাম জুয়েলসহ অন্যান্য আসামিরা দা, রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেল, পাইপগান, পিস্তলসহ ছাত্র-জনতার মিছিলের ওপর হামলা করলে মো. সুজন মিয়া নামে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে গত ৯ সেপ্টেম্বর মো. সুজন মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব গ্রেফতারকৃত জহিরুল ইসলাম জুয়েলকে শুক্রবার সকালে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করলে পুলিশ তাকে দুপুরে আদালতে প্রেরণ করে। আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।