শনিবার বিকেলে গাছবাড়ীয়া এলাকার যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়ীয়া এলাকায় অনুষ্ঠিত নৌকা বাইচে ৩০টি নৌকা অংশগ্রহণ করে। এর মধ্যে প্রথমস্থান অর্জনকারীকে ২১ সিএফটি ও দ্বিতীয় স্থান ১৮ সিএফটি একটি করে ফ্রিজ ও তৃতীয় স্থান অর্জনকারীকে একটি কালার টেলিভিশন উপহার দেওয়া হয়। এছাড়াও সকল নৌকা বাইচ প্রতিযোগীদের বিশেষ পুরস্কার দেয়া হয়।
.png)
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর, ঘটমাঝি ও মস্তফাপুর সীমানায় বহমান কুমার নদীতে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ নৌপথের এই নৌকা বাইচ দেখতে আশ-পাশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নারী, পুরুষ, শিশু, বৃদ্ধারা রাস্তাার পাশে দাঁড়িয়ে, নদীর পাড়ে পানির মধ্যে দাঁড়িয়ে, নৌকা, ট্রলারে চড়ে বাইচ উপভোগ করেন। এই নৌকা বাইচ উপলক্ষে নদীর দুই পাড়ে বাহারী রকমের দোকান বসে।
গাছবাড়ীয়া প্রভাতী সংঘের সভাপতি মো. রাশেদুল ইসলাম ছোটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন পেয়ারপুর ইউপি চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান লাভলু তালুকদার।
গাছবাড়ীয়া প্রভাতী সংঘের সভাপতি ও নৌকা বাইচের আয়োজক মো. রাশেদুল ইসলাম ছোটন বলেন, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতি ফিরিয়ে আনতে, মানুষের মাঝে আনন্দ দিতে ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে গাছবাড়িয়া যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে বিশাল নৌকা বাইচের আয়োজন করা হয়। হাজার হাজার মানুষ উপস্থিত থেকে এ নৌকা বাইচ উপভোগ করেন।