ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৩, ২ অক্টোবর ২০২৪
শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ 
ছবি: সংগৃহীত

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। বুধবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম বিপাকে পড়েন যাত্রীরা।

এর আগে বিক্ষুব্ধ শ্রমিকরা ভোগরা চৌধুরী বাড়ি এলাকায় বেশকিছু কারখানায় গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করেন। তারা ওইসব কারখানার শ্রমিকদের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। একপর্যায়ে ভোগরা চৌধুরী বাড়ি এলাকার আশপাশের বেশকিছু কারখানা বুধবারের জন্য ছুটি ঘোষণা করা হয়।

এগুলো হলো- বেলমন্ড, টেকনো ফাইভার লিমিটেড, ইন্টারলিং, ইউরোমিক ট্যাক্স লিমিটেড, রুয়া ফ্যাশন প্রভৃতি।

এর আগে, মঙ্গলবার (২ অক্টোবর) ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ১১ ঘণ্টা অবরোধ করে রাখেন শ্রমিকরা। এতে এ পথে চলাচলকারী যাত্রীরা ভয়াবহ ভোগান্তিতে পড়েছিলেন। আজ ঠিক একই স্থানে শ্রমিকরা ফের অবরোধ করলেন। এতে অফিসগামী যাত্রীসহ বিভিন্ন প্রয়োজনে বের হওয়া মানুষের ভোগান্তি আরো বেড়েছে।

গাজীপুর শিল্পপুলিশের এসপি সারোয়ার আলম বলেন, চাকরিসহ বিভিন্ন দাবিতে পোশাক কারখানার বেশকিছু শ্রমিক বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সৃষ্টি করেছে। শিল্পপুলিশ ঘটনাস্থলে রয়েছে। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!