ঢাকার হোটেলে কিশোরগঞ্জের যুবক খুন, স্ত্রী গ্রেফতার
গত ২৯ সেপ্টেম্বর রাতে ঢাকার দক্ষিণখান থানাধীন একটি হোটেলে ছুরিকাঘাতে খুন হয়েছেন কিশোরগঞ্জের যুবক সাখাওয়াত হোসেন শরীফ (২৪)। এ ঘটনার পরপরই সিসি ক্যামেরায় তার স্ত্রী কলেজছাত্রী হাজেরা নূরকে হোটেল থেকে বেরিয়ে যেতে দেখা গেছে বলে জানিয়েছেন নিহত শরীফের মামা শফিকুল ইসলাম।
গত ১ অক্টোবর নিহতের বাবা সাইফুল ইসলাম দক্ষিণখান থানায় মামলা করলে বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে নিহতের স্ত্রী হাজেরা নূরকে গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ এলাকার বাসিন্দা শরীফের বাবা সাইফুল ইসলাম কিশোরগঞ্জ জেলা জজের গাড়িচালক। তার একমাত্র ছেলে শরীফ বছরখানেক আগে করিমগঞ্জের গুনধর এলাকার হাজেরা নূরকে প্রেম করে বিয়ে করেছিলেন। শরীফ মাস্টার্স পাস করে ঢাকার আগারগাঁও এলাকায় একটি মেসে থেকে টিউশনি করতেন আর বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।
.png)
ঘটনার রাতে তিনি স্ত্রীকে নিয়ে দক্ষিণখান এলাকার হাজী হোটেল ইন্টারন্যাশনালের নিচতলায় ১০৮ নম্বর কক্ষ ভাড়া নেন। রাতে তাদের মধ্যে ঝগড়ার একপর্যায়ে হাজেরা নূর স্বামীকে ফল কাটার ছুরি দিয়ে কয়েকটি আঘাত করলে তিনি মারা যান। এরপরই হাজেরা নূর হোটেল থেকে বেরিয়ে গা ঢাকা দেন।
পরদিন সন্ধ্যায় হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ গিয়ে শরীফের মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করে। শরীফের মোবাইল থেকে পরিবারের নম্বর সংগ্রহ করে জানালে শরীফের বাবা সাইফুল ইসলাম হাজেরা নূরকে আসামি করে দক্ষিণখান থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপরই পুলিশ অভিযানে নেমে বৃহস্পতিবার হাজেরা নূরকে ঢাকার কেরানিগঞ্জ থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। হত্যায় ব্যবহৃত ছুরিটাও উদ্ধার করা হয়েছে।