ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যে কারণে বাবাকে পিটিয়ে মেরেই ফেললেন ছেলে

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৬, ৬ অক্টোবর ২০২৪
যে কারণে বাবাকে পিটিয়ে মেরেই ফেললেন ছেলে
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় সম্পত্তির জন্য আব্দুস সোবহান নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই বড় ছেলের বিরুদ্ধে। 

শনিবার (৫ অক্টোবর) রাতে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নাওতলা গ্রামের আলী আজম বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত  ছেলে শহীদুল্লাহ (৪০)।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে পৈতৃক সম্পত্তি নিয়ে বাবা আব্দুস সোবহানের সঙ্গে বিরোধে জড়ান বড় ছেলে শহীদুল্লাহ। কথা কাটাকাটির পর বাবাকে বেধড়ক মারধর করে ছেলে। একপর্যায়ে বাবাকে মাটিতে ফেলে লাথি মেরে বুকের বাম পাশের পাঁজর ভেঙে দেয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সোনাইমুড়ীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

Advertisement

পুলিশ জানায়, নিহত সোবহানের ৬ মেয়ে ২ ছেলে। ছোট ছেলে কিছু দিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। বড় ছেলে শহীদুল্লাহ পেশায় একজন রিকশাচালক। এর আগেও আরেকবার বাবাকে মারধর করেন তিনি। এবার ছেলের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্ত ছেলেকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!