ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে চাকরিচ্যুত ও ছাঁটাইকৃত শ্রমিকদের অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৮, ৬ অক্টোবর ২০২৪
চট্টগ্রামে চাকরিচ্যুত ও ছাঁটাইকৃত শ্রমিকদের অবস্থান কর্মসূচি
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের বায়েজিদ থানাধীন আতুরার ডিপো মোড়ে ‘ফারমিন ফ্যাশন ডিজাইন’ নামে একটি কারখানার চাকরিচ্যুত ও ছাঁটাইকৃত শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রায় ১০০ শ্রমিক বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে অক্সিজেন-মুরাদপুর সড়কে অবস্থান শুরু করেন।

জানা গেছে, ওই শ্রমিকদের গত জানুয়ারি মাসে চাকরিচ্যুত ও ছাঁটাই করা হয়। কিন্তু তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করেনি ফারমিন ফ্যাশন ডিজাইন কারখানা কর্তৃপক্ষ। রোববার বেতন-ভাতার দাবিতে ওই শ্রমিকরা অক্সিজেন-মুরাদপুর সড়কে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। পরবর্তীতে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদেরকে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য ডাকে।

Advertisement

এ সময় শ্রমিকদের প্রতিনিধি, বিজিএমইএ প্রতিনিধি, কলকারখানা অধিদফতর এবং শিল্প পুলিশের উপস্থিতিতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের পাওনার বিষয়ে আলোচনা হয়। তবে কারখানার চেয়ারম্যান জিনাত সোহানা চৌধুরী কারখানায় উপস্থিত না থাকায় আগামী ১৭ অক্টোবর কারখানার চেয়ারম্যানের উপস্থিতিতে শ্রমিকদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য, কারখানাটি গত ১৪ জানুয়ারি লে অফ ঘোষণা করা হয়। পরবর্তীতে ১ মার্চ পুনরায় কারখানা চালু হয়। পুরাতন শ্রমিকদের অনেকেই কারখানায় কাজে যোগদান করলেও প্রায় ১৫০ জন শ্রমিক তাদেরকে অবৈধভাবে ছাঁটাই করার অভিযোগ করেন এবং জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ মাসের (লে অফ কালীন ৩ মাসসহ) বকেয়া বেতন-ভাতা দাবি করছেন।

এদিকে, মালিকপক্ষ লেবার কোর্টে বিষয়টি নিয়ে মামলা চলমান থাকায় চাকরিচ্যুত ও ছাঁটাই হওয়া শ্রমিকদের পাওনা পরিশোধে অস্বীকৃতি জানায়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!