ময়মনসিংহে যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলা
যমুনা টিভির ময়মনসিংহ ব্যুরো চিফ হোসাইন শাহীদ ও ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের ওপর সন্ত্রসী হামলা হয়েছে। এ সময় পিটিয়ে ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের ডান হাত ভেঙে ফেলা হয়। এ ঘটনায় আলিফ ইমরান নামে একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে পাটগুদাম এলাকার ভৈরব রেল ক্রসিংয়ে রেলওয়ে নিউ কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত আলিফ ইমরান নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকার শফিকুল ইসলামের ছেলে।
জানা যায়, বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সংবাদ সংগ্রহের কাজে যমুনা টিভির ময়মনসিংহ ব্যুরো চিফ হোসাইন শাহীদ ও ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেন মোটরসাইকেলে করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে পাটগুদাম এলাকার ভৈরব রেল ক্রসিংয়ে রেলওয়ে নিউ কলোনি এলাকায় পৌঁছালে এক যুবক তাদের ওপর হামলা চালায়।
.png)
প্রথমে রেললাইনের পাথর দিয়ে হোসাইন শাহীদের মাথায় আঘাত করে। পরে ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের ওপর চড়াও হয়। এ সময় ক্যামেরা ভেঙে ফেলার চেষ্টা করে। একপর্যায়ে দেলোয়ার হোসেনের কানে ও হাতে কামড় দেয়। পিটিয়ে তার ডান হাত ভেঙে দেওয়া হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ও নিউ কলোনি এলাকা থেকে আলিফ ইমরান নামে এক যুবককে আটক করে পুলিশ।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, হামলাকারীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।