আশুলিয়ায় মন্দিরের সামনে হিন্দু দর্শনার্থীকে মারধর
সাভারের আশুলিয়ায় সার্বজনীন দুর্গা মন্দিরের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হিন্দু দর্শনার্থী কাঞ্জু মন্ডল (৬০) এবং তার ছেলে হৃদয় সরকারকে (২৫) মারধর করার অভিযোগ উঠেছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ী সার্বজনীন দুর্গা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ওবায়দুর রহমান (৪৫) পলাতক।
জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওবায়দুর রহমানের সঙ্গে হৃদয় সরকারের কথা কাটাকাটি হয়। এ সময় হৃদয়ের বাবা এগিয়ে আসলে দুইজনকেই মারধর করেন ওবায়দুর রহমান।
পরবর্তীতে আহতরা পার্শ্ববর্তী ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা নেন। বিষয়টি নিয়ে কাঞ্জু মন্ডল ও তার ছেলে পূজামণ্ডপ কমিটির কাছে অভিযোগ করেন। ঘটনার পর থেকে ওবায়দুর রহমান পলাতক রয়েছেন। ভুক্তভোগী কাঞ্জু মন্ডল আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ী এলাকার এবং অভিযুক্ত ওবায়দুর রহমান আশুলিয়া থানাধীন কলাবাগান এলাকার বাসিন্দা।
এদিকে, পূজা কমিটির সাধারণ সম্পাদক শম্ভু চন্দ্র সরকারকে সঙ্গে নিয়ে আশুলিয়ার থানার ওসি আবু বক্কর শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তার নির্দেশনা মোতাবেক পূজার আনুষ্ঠানিকতা শেষে মণ্ডপ কমিটির সভাপতি শ্রী অজয় কুমার সরকারের মধ্যস্থতায় বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসা হয়। এ ব্যাপারে হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোনো প্রকার উত্তেজনা নেই।