ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
পূজামণ্ডপে ইসলামিক গান

গ্রেফতার দুজনের ৫ দিনের রিমান্ড আবেদন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২০, ১৩ অক্টোবর ২০২৪
গ্রেফতার দুজনের ৫ দিনের রিমান্ড আবেদন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে পূজামণ্ডপে ইসলামিক গান গেয়ে বিতর্ক সৃষ্টির পর গ্রেফতার দুজনের পাঁচদিনের রিমান্ড চেয়েছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে তাদের চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ অলি উল্লাহর আদালতে হাজির করে এ রিমান্ডের আবেদন জানানো হয়। এ সময় আসামিপক্ষ জামিন আবেদন করলে একইদিন (সোমবার) শুনানির দিন ধার্য করে তাদের কারাগারে পাঠান আদালত।

রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের এডিসি (প্রসিকিউশন) মোহাম্মদ মফিজ উদ্দীন বলেন, পূজামণ্ডপে ইসলামিক গান পরিবেশন করার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দুজনের পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আগামী সোমবার শুনানির দিন ধার্য করেছেন আদালত।

Advertisement

আসামিপক্ষের আইনজীবী শামসুল আলম বলেন, গ্রেফতার শহীদুল করিম ও মোহাম্মদ নুরুল ইসলামকে শনিবার বিকেলে আদালতে হাজির করা হয়। আদালতে তাদের জামিন আবেদন করা হয়েছিল। সোমবার শুনানির জন্য দিন ধার্য করে দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

এর আগে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে কোতোয়ালি থানা পুলিশ। তাদের আটকের পর পুলিশ জানায়, মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক সজল দত্তের অনুরোধেই পূজামণ্ডপে গান করতে আসে চট্টগ্রাম কালচারাল একাডেমি নামে ঐ সংগঠন।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় পূজা কমিটির নেতাসহ গান গাওয়া ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় অভিযুক্তরা হলেন- পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দত্ত, গান পরিবশেন করা চট্টগ্রাম কালচারাল একাডেমির সদস্য শহীদুল করিম, মোহাম্মদ নুরুল ইসলাম, আব্দুল্লাহ ইকবাল, রনি, গোলাম মোস্তফা ও মোহাম্মদ মামুন। সেই মামলায় শহীদুল করিম ও মোহাম্মদ নুরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়।

এদিকে, এ ঘটনার পর চট্টগ্রাম মহানগরের সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেনকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি এবং যুগ্ম-সাধারণ সম্পাদক সজল দত্তকে বহিষ্কার করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। শুক্রবার বিকেলে পরিষদের দফতর সম্পাদক শচীন্দ্র নাথ বাড়ৈর সই করা এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

যে ঘটনা ঘিরে বিতর্ক

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের কোতোয়ালি থানার রহমতগঞ্জের জেএমসেন হলে পূজামণ্ডপের অনুষ্ঠান মঞ্চে চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় সদস্য দুটি গান পরিবেশন করেন। তার মধ্যে একটি গান ছিল ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম’। এর পরপরই গানের খণ্ডিতাংশের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তিন মিনিটের একটি ভিডিওটিতে দেখা গেছে, মণ্ডপের অনুষ্ঠানের মঞ্চে গান পরিবেশন করছেন ছয়জন। এ সময় একটি ইসলামিক গান পরিবেশন করেন তারা। আশপাশে উপস্থিত কয়েকজনকে সেই ঘটনা মুঠোফোনে ধারণ করতে দেখা যায়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!