ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইছামতি বিলে মাছ ধরার জাল পাতা নিয়ে সংঘর্ষ, আহত ২০

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৮, ১৮ অক্টোবর ২০২৪
ইছামতি বিলে মাছ ধরার জাল পাতা নিয়ে সংঘর্ষ, আহত ২০
লোহাগড়া থানা -ফাইল ফটো

নড়াইলের লোহাগড়ার ইছামতি বিলে মাছ ধরার ভেসাল জাল পাতাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার নলদী ইউনিয়নের চর-বালিদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নলদী ইউনিয়নের চর বালিদিয়া গ্রামের মাতুব্বর লিটন মোল্যা ও আবুল মুন্সির পক্ষের সঙ্গে শহিদুল ও পাখি মোল্যার পক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে ইছামতি বিলে ভেসাল জাল পাতাকে কেন্দ্র করে পাখি মোল্যা সমর্থিত শাহাবুদ্দিন মোল্যার সঙ্গে আবুল মুন্সি সমর্থিত হেলাল মুন্সির কথা-কাটাকাটি হয়। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন রাতভর ঢাল-শড়কি জোগাড় করাসহ মারামারির প্রস্তুতি নেয়।

Advertisement

পরে শুক্রবার সকালে স্থানীয় চর-বালিদিয়া বাজারে দুই পক্ষের লোকজন ঢাল-শড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী সংর্ঘষে লিপ্ত হয়। এ সময় নারীসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত শহিদুল, দিদার, সিরাজ, লিটন, মনোয়ারা বেগম, কবির মোল্যা, রোকন, হারুনকে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় লাহুড়িয়া ও নলদী বাজারে গ্রাম্য চিকিৎসকদের কাছে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে সংর্ঘষের খবর পেয়ে নলদী পুলিশ ফাঁড়ি ও লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে নড়াইল থেকে অতিরিক্ত পুলিশ এবং মাগুরা ও নড়াইল থেকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান জানান, সংঘর্ষের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উভয় পক্ষের ১০ জনকে আটক করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: লোহাগড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!