ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরি, গ্রেফতার ২

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৯, ১৮ অক্টোবর ২০২৪
মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরি, গ্রেফতার ২
গ্রেফতারকৃত মোহাম্মদ জাহিদুল আলম সানি ও মোহাম্মদ হেলাল -ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে মন্দিরের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সাড়ে চার হাজার টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার (১৮ অক্টোবর) ভোরে নগরের বাকলিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ জাহিদুল আলম সানি (২০) ও মোহাম্মদ হেলাল (২৪)।

Advertisement

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে নগরের এনায়েত বাজার পশ্চিম গোয়ালপাড়াস্থ শ্রী শ্রী সার্বজনীন ব্রজধাম পূজা মন্দিরের সাধারণ সম্পাদক রানা দাশ মন্দিরে পূজা দিতে যান। এ সময় তিনি মন্দিরের টিনের গেট খোলা এবং মন্দিরের ভেতরে দুটি দানবাক্স ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দুটি দানবাক্সে চুরির বিষয়টি নিশ্চিত হন। দানবাক্সে আনুমানিক ৭০ হাজার টাকা ছিল।

এ ঘটনায় থানায় মামলা হলে অভিযানে নেমে শুক্রবার ভোরে বাকলিয়া থানার মিয়াখান নগর সাবান ফ্যাক্টরির গলি থেকে চুরির সঙ্গে জড়িত মোহাম্মদ জাহিদুল আলম সানি ও মোহাম্মদ হেলালকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের ডিসি (দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুইজন চুরির বিষয়টি স্বীকার করেছেন। গ্রেফতারের সময় হেলালের কাছ থেকে চার হাজার ৩০০ ও জাহিদুলের কাছ থেকে ২০০ টাকা উদ্ধার করা হয়।

 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!