প্রধান শিক্ষককে পেটাল ছাত্ররা
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় ছাত্রদের মারধরে সুরত আলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী আহত হয়েছেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার অমিত কুমার বিশ্বাস ও সেনাসদস্যদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
রোববার (২০ অক্টোবর) সকালে উপজেলার রতনপুর ইউনিয়নের সুরত আলি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষক হযরত আলী জানান, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে স্থানীয় একদল ব্যক্তি তাকে অন্যায়ভাবে বিদ্যালয় থেকে সরানোর জন্য হেনস্তার চেষ্টা চালিয়ে আসছিল। এরমধ্যে বিষয়টি তিনি জেলা প্রশাসক, শিক্ষা কর্মকর্তা, ইউএনওসহ বিভিন্ন দফতরে জানিয়েছেন। দুর্গাপূজার ছুটি শেষে রোববার সকালে বিদ্যালয়ে গেলে স্থানীয় আজাদ বাহিনী কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে তার ওপর হামলা চালায়। সেইসঙ্গে তাকে মারধর করা হয়। এতে মারাত্মক আহত হন তিনি।
.png)
কালীগঞ্জ থানার এসআই তাপস কুমার ঘোষাল বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে উপজেলা সহকারী কমিশনার উপস্থিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের হাত থেকে প্রধান শিক্ষককে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক সহায়তা করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে প্রধান শিক্ষক অভিযোগ দিলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা সহকারী কমিশনার অমিত কুমার বিশ্বাস বলেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্তদের ধরতে সেনাবাহিনী ও পুলিশ কাজ করছে।