ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে চা শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০০, ২২ অক্টোবর ২০২৪
সিলেটে চা শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
ছবি: ডেইলি বাংলাদেশ

বকেয়া মজুরির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সিলেট লাক্কাতুরাসহ রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) শ্রমিকরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টা থেকে এনটিসির ১৬টি চা বাগানের শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছেন। এর আগে, গত সোমবার এনটিসির কমলগঞ্জের চা বাগানের শ্রমিকরা বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করে এই কর্মবিরতির সিদ্ধান্ত নেন। 

চা শ্রমিকদের ভাষ্যমতে, শ্রমিকদের পাঁচ সপ্তাহের মজুরি বকেয়া আছে। মজুরি না পেয়ে অর্থকষ্ট নিয়ে দিন কাটাচ্ছেন তারা। মালিকপক্ষ বকেয়া মজুরি পরিশোধ না করলে তারা কাজে ফিরবেন না।

Advertisement

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, সারাদেশে রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির ১৬টি চা বাগান আছে। এসব বাগানে প্রায় ১৭ হাজার চা শ্রমিক কাজ করেন। তাদের ওপর আরও ৩০ হাজার মানুষের ভরণপোষণ নির্ভর করে। 

কমলগঞ্জের পদ্মছড়া চা-বাগানের বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি কৃষ্ণলাল দেশোয়ারা বলেন, আমাদের শ্রমিকদের ঘরে খাবার নেই। তারা অনেক কষ্ট করে চলছেন। এখন পেটে ক্ষুধা নিয়ে শ্রমিকেরা কাজ করবেন কীভাবে?

চা শ্রমিকদের কর্মবিরতি কর্মসূচিতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সমর্থন আছে বলে জানিয়েছেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল।

নাম প্রকাশে অনিচ্ছুক কমলগঞ্জ উপজেলার এনটিসির এক ব্যবস্থাপক জানান, শ্রমিকদের বকেয়া মজুরি না দেওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। টাকা না থাকায় শ্রমিকদের পেমেন্ট দেওয়া যাচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আশাবাদী।

ন্যাশনাল টি কোম্পানির মহাব্যবস্থাপক এমদাদুল হক জানান, শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের পরিচালনা পর্ষদ পূর্ণাঙ্গ পুনর্গঠন না হওয়ার কারণে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ঋণ পেতে সমস্যা হচ্ছে। আশা করছেন, শিগগিরই পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদর গঠন হবে এবং শ্রমিকদের মজুরি পরিশোধ করতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!