ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩১, ২৩ অক্টোবর ২০২৪
কিশোরগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
কারাগারে নেয়া হচ্ছে আসামিকে। ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জে স্ত্রী মীনা হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত-৪ এর বিচারক মো. হামিদুল ইসলাম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. নুরুল ইসলাম সদর উপজেলার যশোদল দামপাটুলী গ্রামের কাছুম আলীর ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৭ মার্চ সন্ধ্যায় সদর উপজেলার যশোদল দামপাটুলী ধানক্ষেতের পাশের ডোবা থেকে এক অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন পুলিশ বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করে।

পরে পুলিশ মামলাটি তদন্তের সময় নিহত মীনা বেগমের স্বামী নুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে স্ত্রীকে হত্যার দায় প্রাথমিকভাবে স্বীকার করেন তিনি। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করলে সেখানেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নুরুল ইসলাম।

২০১৫ সালের ৩ জুলাই কিশোরগঞ্জ থানার এসআই হুমায়ূন কবীর নিহতের স্বামীকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আজ এ মামলার রায় দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!