ভুয়া ডিবি পুলিশ সেজে লাখ টাকা ছিনতাই
কুষ্টিয়ার ভেড়ামারায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে টাকা ছিনতাইয়ের সময় একরাম হোসেন নামের এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। বুধবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারার বাহিরচর ইউনিয়নের দশমাইলের কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
আটককৃত একরাম হোসেন কুষ্টিয়া সদর উপজেলার ত্রিমোহনী এলাকার ইকবাল হোসেনের ছেলে। ঘটনার সময় একরামের আরও তিন সহযোগী পালিয়ে যায়।
উল্লেখ্য, স্থানীয়দের সন্দেহ হলে ডিবি পুলিশ পরিচয় দেওয়া ওই চার যুবককে চ্যালেঞ্জ করে এবং তাদের পরিচয়পত্র দেখতে চায়। অবস্থা বেগতিক দেখে তারা সেখান থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা একরামকে ধরে ফেলে। তবে বাকি তিনজন পালিয়ে যায়। এ সময় আটক একরামকে গণধোলাই দিয়ে ভেড়ামারা থানা-পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
.png)
ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভেড়ামারা থানার ওসি শেখ শহীদুল ইসলাম জানান, বুধবার দুপুরে স্যালো ইঞ্জিনচালিত একটি পটাং গাড়িতে করে মিরপুরের দিকে যাচ্ছিল ভেড়ামারা উপজেলার পশ্চিম বাহিরচর গ্রামের আবেদ আলী এবং ছলিম পরামানিক নামের দুই ব্যবসায়ী। পথে গাড়িটি ভেড়ামারার বাহিরচর ইউনিয়নের দশমাইলের কুষ্টিয়া-পাবনা মহাসড়কে পৌঁছলে চারজন লোক তাদের গতিরোধ করে এবং নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তল্লাশি শুরু করে। এ সময় ওই দুই ব্যবসায়ীর কাছে থাকা ১ লাখ ২ হাজার টাকা ছিনিয়ে নেয় একরাম।
ওসি শেখ শহীদুল ইসলাম জানান, আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আটককৃত যুবকের কাছ থেকে একটি স্বনামধন্য বেসরকারি কোম্পানি এবং স্থানীয় একটি পত্রিকার পরিচয়পত্র পাওয়া গেছে। সেগুলোও যাচাই-বাছাই চলছে।