ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২১, ২৪ অক্টোবর ২০২৪
নাটোরে তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষ
ছবি: সংগৃহীত

নাটোরে মারকাজ মসজিদ দখল নেয়াকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-রাজশাহী মহাসড়ক ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ হয়ে যায়। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে শহরতলীর তেবাড়িয়া মারকাজ মসজিদ প্রাঙ্গণে এ সংঘর্ষ শুরু হয়। এদিকে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার পতনের পর থেকে তেবাড়িয়া মারকাজ মসজিদের দখল নেন জুবায়েরপন্থীর লোকজন। পরে সেখানে একটি কাওমি মাদরাসা প্রতিষ্ঠা করে কিছু ছাত্ররা অবস্থান নেন। পরবর্তী সময়ে জেলা প্রসাশক না থাকায় বিষয়টি নিষ্পত্তি হয় না। সকালে সাদপন্থী তাবলিগ জামাতের লোকজন 'তাবলিগ ইজতেমা' আয়োজনের প্রস্তুতি নিতে তেবাড়িয়া মারকাজ মসজিদে অবস্থান নেন। এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় দুই পক্ষের লোকজন সড়কে অবস্থান নিলে ঢাকা-রাজশাহী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী এসে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে। পরে যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও পুরো এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

Advertisement

সদর থানার ওসি মো. মাহাবুর রহমান বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আমরা এখানে এসেছি। আমরা দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। অনেক মানুষ আহত হয়েছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন বলেন, আগামী রোববার বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে দুই পক্ষের সঙ্গে বসা হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে পরিস্থিতি শান্ত করেছে। প্রয়োজন হলে ১৪৪ ধারা জারি করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!