নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিব্বির আহমেদ অগ্নিকাণ্ড ও তাতে ক্ষয়ক্ষতির সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত দুই যুবক হলেন- বল্লভেরখাস ইউনিয়নের মাদারগঞ্জ বাজার এলাকার মকবুল হোসেনের ছেলে আরিফ হোসেন ও একই ইউনিয়নের গাবতলা ডাক্তার পাড়ার নুর ইসলামের ছেলে বাবু মিয়া। তারা রোববার ভোররাতে ভূমি অফিসের দরজার তালা ভেঙে ভেতরে থাকা একটি পানির পাম্প চুরি করে নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
.png)
পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার ভোরে নামাজ পড়তে গেলে স্থানীয়রা ভূমি অফিসে আগুন দেখতে পান। পরে স্থানীয়দের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ভূমি অফিসের কর্মচারী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
গ্রেফতারকৃত আরিফ ও বাবুর দেওয়া প্রাথমিক ‘স্বীকারোক্তির’ বরাতে পুলিশ জানায়, রোববার ভোররাতে ভূমি অফিসে ঢুকে একটি পানির পাম্প চুরি করে নিয়ে যায় আরিফ ও বাবু। এসময় তারা অফিসের ভেতর ধূমপান করে। তাদের ফেলে যাওয়া সিগারেট থেকে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে অফিসের বেশ কিছু নথিপত্র পুড়ে গেছে।
তবে পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডটি অভিযুক্তদের দ্বারা ইচ্ছাকৃত সংঘটিত কি না এবং এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
ইউএনও সিব্বির আহমেদ বলেন, চুরির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যমতে পানির পাম্পটি উদ্ধার করা হয়েছে। আগুনে ১২টি রেজিস্টার-২ বই, ও একটি রেজিস্টার-১২ বই পুড়ে গেছে। এছাড়াও বেশকিছু নামজারী নথি পুড়ে গেছে বলেও জানান ইউএনও।
কচাকাটা থানার ওসি শরিফুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার দুপুরে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী আরিফের ঘর থেকে পানির পাম্পটি উদ্ধার করা হয়েছে। এছাড়াও অভিযানে বাবু মিয়ার ঘর থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।
ওসি আরো বলেন, ভূমি অফিসের এক কর্মচারী বাদী হয়ে গ্রেফতারকৃত দুই যুবকের বিরুদ্ধে চুরি ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা করেছেন। এছাড়াও থানার এসআই আজহার আলী বাদী হয়ে অভিযুক্ত বাবু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আসামিদের আদালতে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।