ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনায় ইলিশ শিকার, ৬ জেলের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩১, ২৭ অক্টোবর ২০২৪
মেঘনায় ইলিশ শিকার, ৬ জেলের কারাদণ্ড
কারাদণ্ডপ্রাপ্ত ৬ জেলে -ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুরের পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৬ জেলেকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৭ অক্টোবর) বিকেলে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- চাঁদপুর সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের সাখুয়া ও রামদাসদী গ্রামের হাফেজ সৈয়ালের ছেলে খোরশেদ সৈয়াল (২৫), লতিফ খানের ছেলে অজুদ খান (২৪), মৃত খোরশেদ ব্যাপারীর ছেলে জাকির ব্যাপারী (৪০), মৃত বিল্লাল গাজীর ছেলে মানিক গাজী (২৮), মৃত সোলায়মান গাজীর ছেলে আল-আমিন (২৬) ও নুরুল ইসলামের ছেলে হাবিবুর রহমান।

চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার দিনগত রাত ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত জেলা ও উপজেলা টাস্কফোর্স পদ্মা-মেঘনার সদরের অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৬ জেলেকে আটক করা হয়। একই সময় জেলেদের হেফ‍াজত থেকে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

Advertisement

অভিযানে ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন, উপসহকারী মৎস্য কর্মকর্তা মো. শাহজাহান, কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

প্রসঙ্গত, সাগর থেকে নদীর মিঠা পানিতে আসা ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে গত ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন অভয়াশ্রম এলাকায় সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুত নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্য করলে ৫ হাজার টাকা জরিমানা, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড এবং উভয় দণ্ডের বিধান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!