ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোরেলগঞ্জে কিশোর গ্যাংয়ের তাণ্ডব

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৩, ৩ নভেম্বর ২০২৪
মোরেলগঞ্জে কিশোর গ্যাংয়ের তাণ্ডব
মোরেলগঞ্জে মজিবুর রহমান নামে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা ভাঙচুর লুটপাট করেছে কিশোর গ্যাংয়ের দুর্বৃত্তরা। ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে মজিবুর রহমান নামে এক ব্যক্তির বসতবাড়িতে হামলা ভাঙচুর লুটপাট করেছে কিশোর গ্যাংয়ের দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, বরইতলা গ্রামে।  

এ ঘটনায় রোববার মজিবুর রহমান বাদী হয়ে আরমান মৃধাসহ ১৫ জন ও অজ্ঞাত ১৫০ জনের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।  

জানা গেছে, উপজেলার জিউধরা ইউপির বরইতলা গ্রামে শনিবার রাত ৮টার দিকে মজিবুর রহমানের গ্রামের বসতবাড়িতে ২ শতাধিক কিশোর গ্যাংয়ের সংঘবদ্ধ দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

Advertisement

এ সময় মজিবুর রহমানের ছেলে নাসির উদ্দিন সঞ্জু, স্ত্রী রাবেয়া বেগম, ৫ বছরের শিশু কন্যা সুবা জীবন রক্ষায় বসতঘরের পেছনে মৎস্য ঘেরের ভেরিতে পালিয়ে জীবন রক্ষা পায়। হামলাকারীরা এ সময় বসতঘর কুপিয়ে তছনছ তাণ্ডব চালায় প্রায় ২ ঘণ্টা ধরে। ঘরে থাকা নগদ ৮৭ হাজার টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, একটি হোন্ডা লিভো মোটরসাইকেলসহ ৮ লাখ টাকার মালামাল নিয়ে যায়। পরে তারা পাসেই আউয়াল হাওলাদারের বসতগৃহেও হামলা করে সরকারি বরাদ্দ পাওয়া পানির ট্যাংকি কুপিয়ে ভাঙচুর করে দুটি ছাগল নিয়ে যায়।

স্ত্রী রাবেয়া বেগম বলেন, ১০০-১৫০ জন কিশোর গ্যাং সন্ত্রাসী বাহিনী নাসির উদ্দিন সঞ্জুর নাম ধরে বাড়িতে প্রবেশ করে ইট পাটকেল ছুড়তে থাকে। প্রাণের ভয়ে পালিয়ে মৎস্য ঘেরের ভেরিতে রাতযাপন করে বেঁচে যাই। মাছ বিক্রির ৮৭ হাজার টাকা, মোটরসাইকেল, স্বর্ণালকারসহ মালামাল লুট করে নিয়েছে। ঘরে পানি খাওয়ার গ্লাসটিও রেখে যায়নি ওরা। প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।

স্থানীয় গ্রামবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল হাওলাদার, মাসুদ রানা, লাল বরু বিবি, আউয়াল হাওলাদার বলেন, স্বাধীনতার পর এ ধরনের হামলা দেখিনি। আমরা গ্রামবাসী প্রশাসনের কাছে বিচার চাই।

মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. নাজমুল্লাহ বলেন, বরইতলা গ্রামে হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটির তদন্ত চলছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। ওই রাতেই  খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!