ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কোটি টাকা ঋণের প্রলোভনে সদস্য সংগ্রহ, নারীসহ আটক ৫

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৯, ১২ নভেম্বর ২০২৪
কোটি টাকা ঋণের প্রলোভনে সদস্য সংগ্রহ, নারীসহ আটক ৫
ছবি: সংগৃহীত

নওগাঁয় বিনা সুদে এক লাখ থেকে এক কোটি টাকা ঋণ দেওয়ার প্রলোভনে সদস্য সংগ্রহে নামেন তারা। উদ্দেশ্য ২৫ নভেম্বর ঢাকার শাহবাগে নিয়ে গিয়ে অহিংস গণঅভ্যুত্থান।

এমন উদ্দেশে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে সদস্য সংগ্রহের সময় ৪ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের তথ্যের ভিত্তিতে আরো একজনকে আটক করা হয়। এ ঘটনায় নওগাঁ জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে।

জানা যায়, গত কিছুদিন আগে নওগাঁ শহরের মাস্টার পাড়ায় মানবতা কৃষি সমবায় সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নিয়ে অফিস খোলেন লতা বানু নামে এক নারী। গত কয়েক দিন থেকে ওই অফিসে কয়েকজন সঙ্গে নিয়ে বিনা সুদে এক লাখ থেকে এক কোটি টাকা ঋণ দেওয়ার জন্য সদস্য সংগ্রহ করতে থাকেন। সদস্য হতে তারা সাধারণ মানুষের নিকট থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোবাইল নম্বর ও আবেদন ফর্মে স্বাক্ষর নিচ্ছিলেন। যেখানে লেখা আছে কৃষক, শ্রমিক, হকার, বেকার তথা সব জনগণ থেকে ভ্যাট, ট্যাক্স হিসেবে আদায় করা লাখ থেকে কোটি টাকা ক্ষমতাশ্রিত একটি হায়েনার দল, স্বাধীনতার পর থেকেই লুটপাট করছে। লুণ্ঠিত অর্থ উদ্ধার করবো, বিনা সুদে পুঁজি নেবো। ‘অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা’ শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে ২৫ নভেম্বর ১০টায় ঢাকার শাহবাগ মোড়ে ‘অবস্থান কর্মসূচি’ পালন করা হবে।

Advertisement

বিনা সুদে, বিনা জামানতে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র্য মুক্তিতে আগ্রহী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। যার আ.ব.ম. মোস্তাফা আমীন আহ্বায়ক, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি সদর উপজেলা নির্বাহী অফিসার জানতে পারলে সোমবার দুপুরে এনএসআই ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে শহরের মাস্টারপাড়া থেকে ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, নওগাঁ শহরের চকএনায়েত এলাকার মোছা. লতা বানু, মো. রোমেল, কেয়া আখতার ও আদরী বানু। আরেকজনের নাম জানা যায়নি।

হাঁপানিয়া থেকে সদস্য হতে আসা শেফালী বেগম নামে এক নারী বলেন, শুনলাম এখানে সুদ ও শর্ত ছাড়ায় নাকি ঋণ দেওয়া হবে। তাই সদস্য হতে ছবি ও ভোটার আইডি দিতে এসেছি।

মঙ্গলবার বিকেলে এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম রবীন শীষ মুঠোফোনে জানান, সোমবার দিন জানতে পারি, সমবায়ের লাইসেন্স নিয়ে ঋণ দেওয়ার কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন খবর পেয়ে সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। প্রতারণার জন্য সমবায় অফিসারকে বাদী হয়ে একটি মামলা করার জন্য বলা হয়েছে। তাছাড়া এর পেছনে আরও গভীর কিছু আছে কিনা পুলিশ জিজ্ঞাসাবাদ করে তা খতিয়ে দেখছে।

পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন জানান, তারা বিনা সুদে এক লাখ থেকে এক কোটি টাকা ঋণ দেওয়ার প্রলোভন দিয়ে ২৫ নভেম্বর ঢাকার শাহবাগে গণজমায়েতের উদ্দেশে সদস্য সংগ্রহ করছিলেন। আমরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছি। আশা করি সঠিক তথ্য উদঘাটন করতে পারব।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!