ঝালকাঠিতে পানিতে ডুবে প্রাণ গেল যুবকের
ঝালকাঠিতে বাসার সামনে খালের ঘাটলায় মুখ ধুতে গিয়ে মৃগী রোগী মো. নাঈম হাওলাদারের (২৬) মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে শহরতলীর বাদলকাঠি এলাকায় বাসার সামনে খালের পাশে ঘাটলায় মুখ ধুতে গিয়ে পড়ে যান। পরে স্ত্রী ও স্বজনরা তাকে উদ্ধার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত নাঈম হাওলাদার ঝালকাঠি সদর উপজেলার বাদলকাঠি গ্রামে বসবাস করতেন। তিনি পেশায় একজন অটোচালক। তার ২টি শিশু সন্তান রয়েছে।
স্বজনরা জানায়, বিকেলে ঘুম থেকে উঠে তিনি হাত-মুখ ধুতে খালের পাড়ে ঘাটলায় যান। তার মৃগী রোগ থাকায় তখন তার শরীরে খিঁচুনি দেয়, তারপর সেখানে কিছুক্ষণ তিনি বসে থাকেন। এরপর আবার তিনি ঘাটলায় নেমে হাত-মুখ ধুতে গেলে পড়ে যান। তখন তার স্ত্রী এসে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পাশের প্রতিবেশীদের নিয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।