বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিনিয়র জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত মো. রফিক মিয়া হরিরামপুর উপজেলার সরফদিনগর গ্রামের মো. শফিকের ছেলে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন (পিপি) এএফএম নূরতাজ আলম বাহার।
.png)
আদালত ও মামলা সূত্রে জানা যায়, আসামি রফিকের সঙ্গে প্রতিবেশী নাজমা বেগমের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। বিরোধের জেরে ২০২১ সালের জুন মাসের ৪ তারিখ সকাল ৬টার সময় নাজমা বেগম সরফদিনগর চকে মরিচক্ষেতে কাজ করার জন্য বের হলে ওত পেতে থাকা রফিক তাকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে গুরুতর জখম হন নাজমা। তাকে উদ্ধার করে মামুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে পাঠায়। সেখানে নাজমাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় তার ছেলে জনি মিয়া হরিরামপুর থানায় একটি হত্যা মামলা করেন। পরে থানার এসআই আরিফ উল্লাহ মামলার তদন্ত করে ২০২১ সালের ৬ জুলাই রফিককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দেন আদালতে।
মামলার রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সন্তুষ্টি প্রকাশ করলেও আসামিপক্ষের আইনজীবী রেজা ফেরদৌস আহমেদ উচ্চ আদালতে আপিল করার কথা বলেন।