আলজেরিয়ায় স্কলারশিপসহ উচ্চশিক্ষার সুযোগ নিতে পারে বাংলাদেশিরা: রাষ্ট্রদূত
আলজেরিয়ায় সম্প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপসহ উচ্চশিক্ষার সুযোগ দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সায়দানি।
শনিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
সভায় আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, আলজেরিয়া বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহী। সম্প্রতি বাংলাদেশ সরকারের সঙ্গে আলজেরিয়া সরকারের কয়েকটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
তিনি আরো বলেন, আলজেরিয়াতে প্রচুর খেঁজুর উৎপন্ন হয়। আসন্ন পবিত্র রমজান মাসে স্বল্পমূল্যে খেঁজুর আমদানি করা যেতে পারে। এতে আমাদের দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপসহ উচ্চশিক্ষার সুযোগ দিয়েছে আলজেরিয়া। তারা এই সুবর্ণ সুযোগ নিতে পারে। এছাড়া ব্যবসায়ীদের খুব স্বল্প সময়ে আমরা বিজনেস ভিসা দিয়েছি।
তিনি আলজেরিয়ার সঙ্গে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে সিলেট তথা বাংলাদেশের ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস চেম্বার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হওয়ার জন্য আলজেরিয়ার রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
এ সময় তিনি বলেন, একাত্তরের স্বাধীনতা সংগ্রামের পরপর সর্বপ্রথম আরব দেশ হিসেবে আলজেরিয়া বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। এ জন্য আমরা আলজেরিয়া সরকার ও জনগণের কাছে কৃতজ্ঞ।
ফয়েজ হাসান ফেরদৌস আরো বলেন, বাংলাদেশে উন্নতমানের তৈরি পোশাক, সিরামিক, লেদার, প্লাস্টিক পণ্য, মেলামাইন, মেডিসিন, ইলেকট্রিক ক্যাবল ও কৃষিপণ্য উৎপন্ন হয়। আলজেরিয়ার আমদানিকারকরা এসব পণ্য স্বল্পমূল্যে বাংলাদেশ থেকে আমদানি করতে পারেন।
তিনি বলেন, সিলেট বিনিয়োগের জন্য আদর্শ স্থান। আলজেরিয়ার বিনিয়োগকারীরা সিলেটে পর্যটন, শিল্প, শিক্ষা ও আইসিটি খাতে বিনিয়োগ করতে পারেন।
সভায় সিলেটে বিনিয়োগের সম্ভাবনাময় খাত সমূহ নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফজলে এলাহী মো. ফয়সাল।
এছাড়াও বক্তব্য রাখেন নর্থইস্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. শামীম আল আজিজ লেলিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট চেম্বারের পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), ফাহিম আহমদ চৌধুরী, মোহাম্মদ মাহদী সালেহীন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুস সামাদ, পরিচালক আমিনুর রহমান (লিপন), কাজী মো. মোস্তাফিজুর রহমান, সায়েম আহমদ, মাহবুবুল হাফিজ চৌধুরী মুসফিক, সিলেট চেম্বারের সচিব মো. গোলাম আক্তার ফারুক, উপ সচিব সানু উদ্দিন রুবেল প্রমুখ।