ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
পাকশী রেল বিভাগ

মালবাহী ট্রেনে আয় কমে অর্ধেকে নেমেছে

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৯, ২৩ নভেম্বর ২০২৪
মালবাহী ট্রেনে আয় কমে অর্ধেকে নেমেছে
পাকশী বিভাগের মালবাহী ট্রেনের আয় কমতে কমতে প্রায় অর্ধেকে নেমে এসেছে।

রেলে বরাদ্দের কমতি নেই। প্রতি বছরই রেল কোনো না কোনো বরাদ্দ পেয়েই যাচ্ছে। তবুও বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের পাকশী বিভাগের মালবাহী ট্রেনের আয় কমতে কমতে প্রায় অর্ধেকে নেমে এসেছে। গত চার বছরের মধ্যে এ বছর আয় সবচেয়ে কম।

পাকশী রেল বিভাগ সূত্রে জানা গেছে, পাকশী রেল বিভাগের অধীনে ২০২৩ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৫৮৩টি মালবাহী ট্রেন চলাচল করেছে। এতে আয়ের পরিমাণ ছিল প্রায় ৮০ কোটি টাকা। আবার ২০২৪ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ২৯৪টি মালবাহী ট্রেন চলাচল করে আয়ের পরিমাণ দাঁড়িয়েছিল ৫০ কোটি টাকা। ২০২১ সালে পণ্যবাহী ট্রেনে ১৮০ কোটি ৭৪ লাখ ৬৯ হাজার ৮৯৮ টাকা রাজস্ব আয় হয়। সে বছর এক লাখ ৪৭ হাজার ১৭৪টি ওয়াগনে মালামাল আনা হয়েছে। এসব মালামালের ওজন ৩৫৩ কোটি ৯৮ লাখ ৫০ হাজার ৫০৮ কেজি। এরপর ২০২২ সালে পণ্যবাহী ট্রেনে এক লাখ ৯ হাজার ১৯২টি ওয়াগনে মালামাল আনা হয় ২৫৩ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ৩৩৩ কেজি। এতে রাজস্ব আয় হয়েছিল ১২৮ কোটি ৭২ লাখ ৫৩ হাজার ১৮৫ টাকা।

পাকশী রেল বিভাগে ২০২১ সালে মালবাহী ট্রেনে সবচেয়ে বেশি রাজস্ব আয় হয়। সে অর্থবছরে আয় ছিল ১৮০ কোটি ৭৪ লাখ টাকা। অথচ তিন বছরের ব্যবধানে ২০২৪ সালে মালবাহী ট্রেনের আয় নেমে মাত্র ৫০ কোটি টাকা হয়েছে।

Advertisement

আয় কমে যাওয়া প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের এক কর্মকর্তা বলেন, ২০২৪ সালের শুরুতেই ডলারের দাম বাড়ার কারণে বাংলাদেশে পণ্য আমদানি কমতে থাকে। এছাড়া রাজনৈতিক অস্থিরতা ও ভারতের সঙ্গে একমুখী বাণিজ্যের (শুধু আমদানি হয়, রফতানি নেই) কারণে ট্রেনে পণ্য আমদানি কমে গেছে। এরমধ্যে চলতি বছরের জুলাই-আগস্ট মাসে আমদানি সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল। এখন তো ভারতীয় পণ্য ট্রেনে আমদানি খুবই কম।

পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী বাণিজ্যিক কর্মকর্তা একেএম নূরুল আলম বলেন, পণ্যবাহী ট্রেনে আয় কীভাবে বাড়ানো যায়; এ বিষয়ে রেলওয়ের বাণিজ্য বিভাগ কাজ করেছে। ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সূফি নূর মোহাম্মদ বলেন, রেলপথে আমাদের দেশের সঙ্গে ভারতের মালবাহী ট্রেনে পণ্য পরিবহন দীর্ঘদিন ধরে চলমান। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে ভারত থেকে বাংলাদেশে মালবাহী ট্রেন কম এসেছে। ২০২৩ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মালবাহী ট্রেনে পাকশী রেল বিভাগের আয় হয়েছিল প্রায় ৮০ কোটি টাকা। ২০২৪ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আয় হয়েছে ৫০ কোটি টাকা।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: ঈশ্বরদী
লিংক সফলভাবে কপি হয়েছে!