ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লাখ টাকা ঋণের প্রলোভনে ঢাকায় লোক জমায়েতের চেষ্টা, অতঃপর...

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০২, ২৫ নভেম্বর ২০২৪
লাখ টাকা ঋণের প্রলোভনে ঢাকায় লোক জমায়েতের চেষ্টা, অতঃপর...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় পুলিশের টহল

নারায়ণগঞ্জের বন্দর থেকে অন্তত ২০০ লোককে এক লাখ টাকা করে বিনা সুদে ঋণ নিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে চারটি বাসে করে ঢাকায় জড়ো করার চেষ্টা করেছে একটি মহল। 

সোমবার (২৫ নভেম্বর) সকালে মদনপুর বাসস্ট্যান্ডে তল্লাশি চালিয়ে চারটি বাস আটক করেছে বন্দর থানা পুলিশ। চারটি বাসে অন্তত ২০০ লোককে ঢাকায় রাজু ভাস্কর্যে জড়ো করার পরিকল্পনা করা হয়েছিল বলে জানা গেছে। 

পুলিশের ধারণা, দেশের বিভিন্ন স্থান থেকে এরকম আরো অনেক লোককে ঢাকায় রাজু ভাস্কর্যে জড়ো করার পরিকল্পনা থেকেই তাদের নেয়া হচ্ছে।

Advertisement

এদিকে এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় বিভিন্ন যানবাহনে কড়া নজরদারি ও তল্লাশি করছে পুলিশ ও ডিবি। 

জানা যায়, সকালে চারটি বাসে করে অন্তত ২০০ লোককে নিয়ে ঢাকার রাজু ভাস্কর্যে নেয়ার জন্য পাঠায় একটি মহল। তাদের ভুল বুঝিয়ে এক লাখ টাকা করে ঋণ দেওয়া হবে বলে একটি লিফলেটও দেওয়া হয়। ঋণগুলো সুদমুক্ত হবে বলে এতে উল্লেখ করা হয়। 

বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, আমরা মদনপুর থেকে চারটি বাস আটক করেছি। বাসগুলোতে অন্তত ২০০ লোককে ভুল বুঝিয়ে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তাদের সুদমুক্ত এক লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলা হয়েছিল। আমরা বাসগুলো আটক রেখেছি। তদন্ত করে দেখছি। পরে আরো বিস্তারিত জানাতে পারব। 

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ওয়াহিদুজ্জামান জানান, ঢাকায় একটি মহলের সমাবেশের খবরে আমরা সাইনবোর্ডে আছি। তল্লাশি করছি। কোনো ধরনের নাশকতাকারী যেন কোনো পরিকল্পনা করতে না পারে সেজন্য আমাদের নজরদারি রয়েছে।

অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ ব ম. মোস্তাফা আমীনের নাম ও ছবি উল্লেখ করে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠন থেকে এ কর্মসূচি নেয়া হয় বলে লিফলেটে উল্লেখ করা হয়।

লিফলেটে লেখা ছিল- ‘কৃষক, শ্রমিক, হকার, বেকার তথা সব জনগণ থেকে ভ্যাট, ট্যাক্স হিসাবে আদায় করা লাখ-কোটি টাকা ক্ষমতাশ্রিত একটি হায়নার দল, স্বাধীনতার পর থেকেই লুটপাট করছে। লুণ্ঠিত অর্থ উদ্ধার করবো, বিনা সুদে পুঁজি নেবো। ‘অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা’ শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় ঢাকার শাহবাগ মোড়ে ‘অবস্থান কর্মসূচি’ পালন করা হবে। বিনা সুদে, বিনা জামানতে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র্য মুক্তিতে আগ্রহী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। 

সংগঠনের ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়, বাড়ি-০১ দোতলা, রোড-২, ধানমন্ডি, ঢাকা। প্রচারে অধ্যাপক অ্যাডভোকেট জিয়াউর রহমান ০১৭১১ ৫৪৩৪৩১ ও মাহবুবুল আসার চৌধুরী ১১৭১১-৭৩৪০১৫।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!