সদরপুরে ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার
ফরিদপুরের সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ ও পদ্মা নদীতে ভয়াবহ ভাঙনকবলিত দুটি ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় প্রথমে সদরপুর উপজেলার চরমানাইর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন তারা। এরপর দুপুরে আকোটেরচর এলাকা পরিদর্শন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল লতিফ মোল্লা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফজলুর রহমান, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, ফরিদপুর পশ্চিম অঞ্চল জোনের প্রধান প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুলতান মাহমুদ, ফরিদপুর নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন প্রমুখ।
পরিদর্শন শেষে শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, সোমবার সকাল থেকে আমরা ফরিদপুরের সদরপুর উপজেলার আড়িয়াল খাঁ নদ ও পদ্মা নদীতে ভাঙনকবলিত দুটি এলাকা পরিদর্শন করেছি। এসব এলাকা পরিদর্শনে গিয়ে দেখতে পেয়েছি, ভাঙনকবলিত এলাকার মানুষ খুব খারাপ অবস্থায় রয়েছে। এখন অতি দ্রুত এসব এলাকা ভাঙনরোধে ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছি পানি সম্পদ মন্ত্রণালয়কে। আশা করছি, তারা দ্রুত ভাঙনরোধে ব্যবস্থা নেবে।