ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে যুবদল কর্মীকে হত্যা, বিচার চেয়ে লাশ নিয়ে সড়ক অবরোধ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪২, ২৬ নভেম্বর ২০২৪
সিলেটে যুবদল কর্মীকে হত্যা, বিচার চেয়ে লাশ নিয়ে সড়ক অবরোধ
যুবদল কর্মী বিলাল আহমদ মুন্সী। ছবি: সংগৃহীত

সিলেটে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বিলাল আহমদ মুন্সী (৩৫) নামের এক যুবদল কর্মী নিহতের ঘটনায় লাশ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।

নিহত বিলাল নগরের ৩৪ নম্বর ওয়ার্ডের খাদিম বহর আবাসিক এলাকার জহুরুল ইসলামের ছেলে। বিলায় পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন। ওয়ার্ড যুবদলের কর্মী হিসেবে পরিচিত তিনি।

মঙ্গলবার দুপুরের দিকে বিলালের লাশ শাহপরান মাজার গেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। এর আগে, গতকাল সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিলেটের শাহপরান এলাকায় প্রতিপক্ষের হামলায় বিলাল নিহত হন।

Advertisement

স্থানীয়রা জানান, কিছুদিন আগে ২ স্কুলছাত্রের ঝগড়া আর তর্কাতর্কির জেরে শাহপরান এলাকায় যুবদল-ছাত্রদলের নেতৃত্বে স্থানীয়দের মধ্যে দুটি পক্ষ তৈরি হয়। এ নিয়ে উভয়পক্ষে মনোমালিন্য ও উত্তেজনা চলে আসছিল। এরই জেরে সোমবার রাতে দু’পক্ষে সংর্ঘষ হয়। এ সময় যুবদল-ছাত্রদলের কিছু নেতাকর্মী ধারালো অস্ত্র দিয়ে বিলালকে উপর্যুপরি কুপিয়ে আহত করেন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর আজ মঙ্গলবার দুপুরের দিকে বিলালের লাশ শাহপরান মাজার গেট এলাকায় নিয়ে আসা হয়। তখনই লাশ নিয়ে একদল লোক সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষুব্ধরা খুনিদের গ্রেফতারের দাবি জানান। এ সময় তারা প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিও পালন করেন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিলাল হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্তের পাশাপাশি হত্যার পেছনের কারণও অনুসন্ধান করা হচ্ছে

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!