ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাকরিচ্যুত বিজিবি সদস্যদের পুনর্বহালে গাজীপুরে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৭, ২৭ নভেম্বর ২০২৪
চাকরিচ্যুত বিজিবি সদস্যদের পুনর্বহালে গাজীপুরে মানববন্ধন
ছবি: ডেইলি বাংলাদেশ

পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং নিরপরাধ বিডিআর (বাংলাদেশ রাইফেলস) সদস্যদের মুক্তি ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন বিডিআর কল্যাণ পরিষদের গাজীপুর জেলা শাখার সদস্যরা ও চাকুরিচ্যুত বিডিআর সদস্য এবং তাদের পরিবার।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ২১ রাইফেল ব্যাটালিয়নের সিনিয়র হাবিলদার মো. আবুল কাশেম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার প্রতিষ্ঠায় ‘ঐক্য’ সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আজিজ। 

Advertisement

অ্যাডভোকেট আব্দুল আজিজ তার বক্তব্যে বলেন, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা এবং ৭৪ জন বিডিআর সদস্যকে হত্যা করা হয়। এর পরেও ৪৭ জন বিডিআর সদস্যকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। ১৬ বছর ধরে ফ্যাসিস্ট সরকার এসব হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে অথচ নিরপরাধ বিডিআর সদস্যদের এখনো জামিন দেওয়া হয়নি।

তিনি আরো বলেন, যারা সত্যিকারের অপরাধী, তাদের জামিন হলেও নিরপরাধ বিডিআর সদস্যদের জামিন কেন হয়নি? এই সরকারের ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে।

তিনি পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং সব নিরপরাধ বিডিআর সদস্যের মুক্তি ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানান।

এছাড়া বক্তারা বাংলাদেশের রাইফেলস (বিডিআর) নাম পরিবর্তন করে, বিডিআর সদস্যদের পুনর্বহাল এবং ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেন। তারা বলেন, বর্তমান বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) নামক প্রতিষ্ঠানের সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য সংযুক্ত করা উচিত নয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন গাজীপুর জর্জকোর্টের আইনজীবী অ্যাডভোকেট রিয়াজুল সালেহ মিশুক, বিডিআর কল্যাণ পরিষদের গাজীপুর জেলার সমন্বয়ক নাসির উদ্দিন, ৪ রাইফেল ব্যাটালিয়নের ল্যান্স নায়েক হারুন অর রশিদ, বিডিআর সদস্যের সন্তান শান্ত ইসলাম, মেহেদী হাসান ও তৌহিদুল প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!