ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরু রাস্তায় নেই ট্রাফিক, যানজটে ভোগান্তি

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১০, ২৮ নভেম্বর ২০২৪
সরু রাস্তায় নেই ট্রাফিক, যানজটে ভোগান্তি
সরু রাস্তায় যানবাহনের সারি। ছবি: সংগৃহীত

যানজটের শহর হিসেবে পরিচিতি লাভ করেছে কিশোরগঞ্জ শহর। যানজট থেকে কোনোভাবেই বাঁচতে পারছে না শহরবাসী। দিন যত যাচ্ছে, যানজট তত বাড়ছে। এদিকে সরু রাস্তা ও যথাযথ ট্রাফিক ব্যবস্থাপনা না থাকায় বেশি ভোগান্তিতে পড়েছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগী ও শহর কেন্দ্রীক শিক্ষার্থী ও চাকরিজীবীরা।

কিশোরগঞ্জ জেলা শহরের একরামপুর মোড়কে ট্রাফিক ব্যবস্থার ‘হৃদযন্ত্র’ বলা হয়। কারণ এই তিন রাস্তার মোড় দিয়ে জেলার পূর্বাঞ্চলের করিমগঞ্জ, ইটনা ও মিঠামইন উপজেলার প্রায় কয়েক হাজার মানুষ বাস, অটোরিকশায় শহরে প্রবেশ করে। ফলে মোড়টিতে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে দেখে মিলে যানজটের। আবার বিকেলে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির সময় দেখা যায় তীব্র যানজটের। 

একরামপুর মোড়ে ট্রাফিক ব্যবস্থা থাকলেও মোড়টির দক্ষিণ দিকে প্রায় এক কিলোমিটারের কম দূরত্বে অবস্থান কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের। স্টেশন রোড সিদ্ধেশ্বরী কালীবাড়ি মোড় থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের দূরত্ব এক কিলোমিটারের কম। প্রায় ২৫ বছর আগে নির্মিত মেডিকেল কলেজের সামনের এ সড়কের প্রস্থ মাত্র ১০ ফুট। সড়কটি সরু হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারও পথচারীর।

Advertisement

সরেজমিনে দেখা যায়, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় এক কিলোমিটার উত্তরে সিদ্ধেশ্বরী মোড় থেকে হাসপাতাল পর্যন্ত সড়ক এতোটাই সরু যে, দুটি রিকশা পাশাপাশি চলতে সমস্যা হয়। এছাড়া সড়কে ইঞ্জিনচালিত যানবাহন বা ব্যক্তিগত ছোট গাড়ি ঢুকলেই লেগে যায় তীব্র যানজট। সেই যানজট কখনো কখনো পুরো সড়কে ছড়িয়ে পড়ে। তখন রোগী নিয়ে হাসপাতালে যেতে খুব হিমশিম খেতে হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এই সরু সড়ক দিয়ে জেলা শহরের হোসেনপুর, করিমগঞ্জ, তাড়াইল, ইটনা, মিঠামইন ও ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মানুষ চিকিৎসাসেবা নিতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আসে। এছাড়া রেলওয়ে স্টেশনে আসা ট্রেনের যাত্রী ও জেলার পূর্বাঞ্চলের ঢাকাগামী যাত্রীবাহী বাস, পণ্যবহনকারী ট্রাক জেলার বাইরে যেতে হলে এই সিদ্ধেশ্বরী মোড় হয়ে যেতে হয়। মোড়টিতে কোনো ট্রাফিক ব্যবস্থা না থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে রোগী, শিক্ষার্থী ও পথচারীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

কিশোরগঞ্জ ট্রাফিক পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ওই মোড়ে যানজটের বিষয়ে আমরা অবগত আছি। বদলিজনিত কারণে আমাদের সদস্য সংখ্যা কম। আমরা বর্তমানে বড়পুল থেকে একরামপুর মোড় পর্যন্ত দায়িত্ব পালন করছি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!