ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মামলায় হাজিরা দিতে বেরিয়ে সড়কে নিথর যুবক

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৫, ১ ডিসেম্বর ২০২৪
মামলায় হাজিরা দিতে বেরিয়ে সড়কে নিথর যুবক
দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা

লক্ষ্মীপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় দুই শিক্ষার্থীসহ ৫ জন আহত হন। 

রোববার সকালে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আলমগীর রামগতি উপজেলার চরআফজাল এলাকার বাসিন্দা। তিনি একটি মামলায় হাজিরা দিতে লক্ষ্মীপুর জেলা আদালতে এসেছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। 

Advertisement

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় রামগতির আলেকজান্ডার থেকে আলমগীরসহ অন্যরা সিএনজিচালিত অটোরিকশায় লক্ষ্মীপুরের দিকে আসছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমগীর নিহত ও আরও ৫ জন আহত হন।

আলমগীরের স্বজন ফারুক হোসেন বলেন, আদালতে মামলার হাজিরা দিতে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু এর আগে দুর্ঘটনা ঘটেছে। আর আদালতে হাজিরা দিতে পারেননি। 

সদর হাসপাতালের মেডিকেল অফিসার একে আজাদ বলেন, হাসপাতালে আলমগীরকে মৃত অবস্থায় আনা হয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থায় আশঙ্কাজনক। এরমধ্যে শিক্ষার্থী হাসান আহমেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. আবদুল মোন্নাফ বলেন, আলমগীরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!