ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় ইমাম বরখাস্ত, যা জানা গেলো
‘ইসকনবিরোধী কথা বলার কারণে কুষ্টিয়ার কুমারখালীর সোন্দাহ বাইতুল হামদ জামে মসজিদের ইমাম মিনহাজ আল আদনানকে বিদায় দিলেন কমিটির লোকেরা’ -ফেসবুকে ছড়িয়ে পড়া এই পোস্টটি বিভ্রান্তিকর বলে জানিয়েছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও মসজিদ কমিটি কর্তৃপক্ষ।
ওই ইমামকে চাকরি থেকে অব্যাহতির পেছনের ঘটনা অথবা মূল ঘটনা অনেকেই না জেনে না বুঝে নানা রকম মন্তব্য করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এমনকি বিষয়টি নিয়ে অনেক ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
রোববার বিকেলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মাসের ২২ নভেম্বর (শুক্রবার) সোন্দাহ বাইতুল হামদ জামে মাসজিদের ইমাম মিনহাজ আল আদনান জুমার খুতবায় সমসাময়িক বিষয় ইসকন নিয়ে কথা বলেন, এটা সত্য। তবে নামাজ শেষে তিনি সাধারণ মুসুল্লিদের তার পরিবার এবং তার অবস্থান অনেক বড় বলে নানান গল্প করেন। সেসময় তিনি তার বেতন কেন্দ্রীক নানান কথা তুলে ধরেন। তার বেতন কম, কমিটির বিবেক নেইসহ বিভিন্ন অপ্রাসঙ্গিক কথা বলেন।
বিষয়টি সাধারণ মুসুল্লিরাও ভালোভাবে নেননি। যার ফলে সেদিনই তাকে কমিটির পক্ষ থেকে বলে দেওয়া হয় যে, ‘আপনি এই মাসটা এখানে ইমামতি করবেন এবং আগামী মাস থেকে আপনাকে আমরা অব্যাহতি দিচ্ছি।’
মসজিদ কমিটির ক্যাশিয়ার আব্দুল হাসান সমসের বলেন, ‘ইসকনবিরোধী কথা বলার কারণে, সোন্দাহ বাইতুল হামদ জামে মাসজিদ থেকে বিদায় দিলেন কমিটির লোকেরা’ -এমন একটি স্পর্শকাতর বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন ওই মসজিদের ঈমাম মিনহাজ আল আদনান।
মসজিদের কমিটির সভাপতি তোফাজ্জেল হোসেন বলেন, বিষয়টি অনেকেই জানেন না, যে কারণে ইমামের ফেসবুক পোস্ট দেখে অনেকেই ভিন্নভাবে দেখছেন বিষয়টি। ঈমামের এ ধরনের মন্তব্যের কারণে স্থানীয়দের মান ক্ষুণ্ন হয়েছে, যা একজন ঈমামের কাছ থেকে কোনোভাবেই কাম্য না। নিজের যোগ্যতায় তিনি আরো বড় মসজিদে যোগাযোগ করতে পারেন- তাই বলে সম্প্রীতি ক্ষুণ্ন করার অপপ্রয়াস কাম্য নয়।