ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিচারকের সিল-স্বাক্ষর জাল করার অভিযোগে গ্রেফতার ৩

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৪, ৪ ডিসেম্বর ২০২৪
বিচারকের সিল-স্বাক্ষর জাল করার অভিযোগে গ্রেফতার ৩
গ্রেফতারকৃত ৩ প্রতারক -ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন বিচারকের সিল ও স্বাক্ষর জাল করে এফিডেভিট ও মামলার রায় নকল করার অভিযোগে ৩ প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার সন্ধ্যায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জাল স্বাক্ষরিত এফিডেভিট করা স্ট্র্যাম্প উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- গাইবান্ধা জেলা সদরের উত্তর গিদারা গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে মো. সদরুল কবির (৪৮), বগুড়ার গাবতলী উপজেলার চকসদু গ্রামের মো. রেজাউল করিমের ছেলে মো. ওহাব শিপন (৩০) ও একই উপজেলার মৃত মমতাজ উদ্দিনের ছেলে মো. আক্তারুজ্জামান (৩৮)। 

Advertisement

জানা গেছে, বুধবার বগুড়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এস এম তাসকিনুল হকের আদালতে মোছা. আসমা মাহবুব নামের এক ম্যাজিস্টেটের সিল ও স্বাক্ষর জাল করা স্ট্র্যাম্প তদন্তে গেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্টেটের নজরে আসে। তিনি তাৎক্ষণিক আদালতকে জানান, বিচারক আসমা মাহবুব ২০২১ সালে বগুড়ায় কর্মরত ছিলেন। তিনি বদলি হয়ে যাওয়ার পরেও প্রতারক চক্র তার সিল ও স্বাক্ষর জাল করে প্রতারণা করে আসছে।

আদালত বিষয়টি বগুড়া গোয়েন্দা ডিবি পুলিশের ওসি মুস্তাফিজ হাসানকে জানালে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে জেলা প্রশাসকের চত্বরে অবস্থিত স্ট্র্যাম্প ভেন্ডার দোকান থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত সদরুল কবির আদালতে জানান, তাদের টিমে প্রায় ২০০ জন প্রতারক দীর্ঘদিন যাবত এই প্রতারণা করে আসছেন।

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মুস্তাফিজ হাসান জানান, বিচারকের সিল ও স্বাক্ষর জাল করার অভিযোগে ৩ প্রতারককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!