বুধবার বেলা ১১টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়াপাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি গিয়াস উদ্দিন।
অপহৃতরা হলেন, হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়াপাড়া এলাকার বাসিন্দা জাকির হোসেন (৪৫) ও একই এলাকার মোহাম্মদ জহির (৫০)। ডাকাতদলের গুলিতে আহতরা হলেন, কম্বনিয়াপাড়া এলাকার সোহেল (১৮), কায়সার উদ্দিন (২০) ও সাকিব (১২)। তাদের চিকিৎসার জন্য উখিয়া ও কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
.png)
আটককৃত অপহরণকারী কম্বনিয়াপাড়া এলাকার এজাহার মিয়ার ছেলে মো. সাদ্দাম (২৭)।
ওসি গিয়াস উদ্দিন বলেন, অপহরণের খবর পেয়ে হোয়াইক্যং ফাঁড়ির আইসিসহ পুলিশের একটি দল পাহাড়ে অভিযান পরিচালনা করছে। অভিযানে র্যাব ও পুলিশ ঐক্যবদ্ধভাবে অপহৃতদের উদ্ধারে কাজ করছে।
কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, গত এক বছরের বেশি সময়ে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৫০ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। তাদের মধ্যে ৯১ জন স্থানীয় বাসিন্দা, ৫৯ জন রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৭৮ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগী ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে।
টেকনাফ থানার তথ্যমতে, ২০২৪ সালের ১৮ আগস্ট থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত টেকনাফ থানায় অপহরণের মামলা হয়েছে ১৩টি। এসব মামলায় আসামির সংখ্যা অন্তত ৬০। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২৫ জনকে।